উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের টাকা না পেয়ে বাবার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে নাজমুল হাসানের (২৮) বিরুদ্ধে। আগুনে বাড়ির কয়েকটি কক্ষের আসবাবপত্র ও প্লাস্টিকের ক্রেট পুড়ে গেছে। এ ছাড়া পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈইর কালিয়াভিটা কবরস্থানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত নাজমুল পলাতক রয়েছেন।
ভুক্তভোগী বাবা আয়েত আলীর অভিযোগ, মাদকের টাকা না পেয়ে তাঁর ছেলে নাজমুল হাসান বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে বাড়ির কয়েকটি কক্ষের আসবাবপত্র ও সেখানে রাখা প্লাস্টিকের ক্রেট পুড়ে যায়। আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আয়েত আলীর দাবি, আগুনে তাঁর প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি কাঠের ঘর ও রান্নাঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগীর দাবি ও ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণে পার্থক্য রয়েছে।