উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং এমপি আজিজের নিজের একটি অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিএনপি। এ পরিস্থিতিতে আব্দুল আজিজের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে দলের কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাটোর জেলা বিএনপি।
শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আয়োজিত নাটোর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ তথ্য জানান জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। গঠনতন্ত্র অনুযায়ী জেলা বিএনপির পক্ষে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তাই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও সাম্প্রতিক বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটিই সিদ্ধান্ত নেবে।
আসাদুজ্জামান আসাদ আরও জানান, একজন জেলা পর্যায়ের নেতার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত প্রয়োজন। এ কারণে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে সুপারিশ পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে যাওয়ার পথে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হামলার শিকার হন। বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার সকালে তাঁকে বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এমপি আব্দুল আজিজের ছেলের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। পাশাপাশি এমপি আজিজের একটি অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টিও জেলা বিএনপির আলোচনায় এসেছে। এসব ঘটনায় দলের ভাবমূর্তি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।