উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, দলটির শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত। এখন জামায়াতে ইসলামীও একই পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এ কারণেই দলটির শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বিষয়টি জনগণ ভালোভাবে নেয়নি। জামায়াত যদি এ ধরনের বৈঠকের কথা অস্বীকার করে, তাহলে তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করে বক্তব্যের জবাব দিতে পারে।
বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ঢাকা থেকে লংমার্চ নিয়ে গোপালগঞ্জ হয়ে খুলনায় প্রবেশ করবে জামায়াত। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে। জামায়াতের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গোপালগঞ্জে তাঁরা কোনো পথসভা করবেন না।
এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের ভয়ে গোপালগঞ্জে পথসভা না করা গ্রহণযোগ্য নয়। জামায়াতে ইসলামীকে সেখানে পথসভা করে নৈতিকতার পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াত নেতাদের উদ্দেশে রাশেদ খান আরও বলেন, তাঁরা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, আবার রাতে দেশটির গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেন বলে অভিযোগ রয়েছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড আধিপত্যবিরোধী রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই নির্বাচনের মধ্য দিয়ে বোঝা গেছে, মানুষ এখন জামায়াতের ‘জান্নাতের টিকিট’ দেওয়ার বক্তব্য সম্পর্কে সচেতন হয়েছে। তাঁর দাবি, ওই এলাকার মানুষ দলটির বিভ্রান্তিকর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।