উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে আগামী পাঁচ বছরে প্রায় এক ট্রিলিয়ন ইয়েন জাপানি বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা ঘিরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন গুরুত্ব পেয়েছে। তবে এ বিনিয়োগ বাস্তবায়ন, ব্যবসা সম্প্রসারণ এবং দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের কিছু কাঠামোগত ও প্রশাসনিক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন জাপানি প্রতিষ্ঠান টকিটাস কো. লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তাকাশি হিরাইশি।
গতকাল নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি বিনিয়োগকারীদের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন হিরাইশি। তিনি টকিটাস কো. লিমিটেডের প্রতিনিধি পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। পাশাপাশি জাপানের আরেক প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাস্ট্রার (Global ASTRA) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবেও কাজ করেন বলে তাঁর ফেসবুক প্রোফাইলে উল্লেখ রয়েছে।
হিরাইশির পোস্ট অনুযায়ী, জাপানি ব্যবসায়ী মহলে বাংলাদেশকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ভিয়েতনাম ও চীনের বাইরে নতুন উৎপাদন ও ব্যবসায়িক গন্তব্য খুঁজছে এমন জাপানি কোম্পানিগুলোর কাছে বাংলাদেশ সম্ভাবনাময় হয়ে উঠতে পারে। তবে সেই সম্ভাবনাকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে হলে স্থানীয় পর্যায়ে নির্ভরযোগ্য অংশীদার নির্বাচন এবং দক্ষ কর্মী নিয়োগব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কয়েকটি প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়ম ও প্রক্রিয়া, কর এবং নিয়ন্ত্রক সংস্থার জটিলতা, কাস্টমস ছাড়পত্র পেতে বিলম্ব এবং জাপানি ভাষায় দক্ষতার দাবি করা কিছু মধ্যস্থতাকারীর সেবার মান নিয়ে প্রশ্ন।দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রেও ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছেন হিরাইশি। তাঁর মতে, জাপানে কর্মী পাঠানোর আগে তাঁদের জাপানি ভাষা, সংস্কৃতি ও কর্মক্ষেত্রের আচরণবিধি সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। শুধু কর্মী পাঠানোর সংখ্যা বাড়ালেই হবে না; কর্মীদের দক্ষতা ও যোগ্যতা যাচাইও নিশ্চিত করতে হবে।
পোস্টে তিনি জানান, টকিটাস বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের কর্মী নিয়োগের প্রাথমিক ব্যয়, মাসিক খরচ, কর্মী পাঠানোর সময় এবং কর্মীদের কর্মস্থলে টিকে থাকার হার নিয়ে একটি তুলনামূলক প্রতিবেদন তৈরি করেছে। কর্মী বাছাই ও প্রশিক্ষণ পর্যায়ে ঝরে পড়ার হারসহ নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন বাস্তব চিত্রও এতে তুলে ধরা হয়েছে বলে দাবি করেন তিনি।
জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন হিরাইশি। তাঁর মতে, সরকারি পর্যায়ে বিনিয়োগের কাঠামো তৈরি হলেও মাঠপর্যায়ে উপযুক্ত অংশীদার ও নির্ভরযোগ্য কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান নিশ্চিত করা না গেলে বিনিয়োগ ও কর্মসংস্থান পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, সম্ভাব্য বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়ে আলোচনা হয়েছে। জাপানের সম্ভাব্য বিনিয়োগ কাজে লাগাতে হলে এখন ব্যবসার পরিবেশ উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রশাসনিক জটিলতা কমানোর বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।