উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে আগামী পাঁচ বছরে প্রায় এক ট্রিলিয়ন ইয়েন বা ৬৩০ কোটি ডলারের জাপানি বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিনিয়োগ থেকে প্রায় দুই লাখ কর্মসংস্থানের প্রত্যাশা করছে দুই দেশ। তবে বিনিয়োগের সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশে ব্যবসা পরিচালনা, পণ্য আমদানি-রপ্তানি এবং দক্ষ কর্মী নিয়োগে তিনটি বড় প্রতিবন্ধকতার কথা তুলে ধরেছেন জাপানি প্রতিষ্ঠান টকিটাস কো. লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তাকাশি হিরাইশি।
২৯ অক্টোবর প্রকাশিত এক নিবন্ধে হিরাইশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের বিভিন্ন অর্জন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি বিনিয়োগকারীদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। মাঠপর্যায়ে তিন বছর কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগের বড় অঙ্কের ঘোষণা ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) প্রচারের পাশাপাশি বাস্তব ব্যবসায়িক প্রতিবন্ধকতাগুলোও বিবেচনায় নেওয়া জরুরি।
পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমান ২৮ অক্টোবর টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) আয়োজিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম সংলাপে জাপানি কোম্পানিগুলোকে পাঁচটি অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান জানান। খাতগুলো হলো—মোটরগাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ, রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন।
হিরাইশির নিবন্ধে এসব খাতের সম্ভাবনার পাশাপাশি টয়োটার গাড়ি উৎপাদন, জ্বালানি অবকাঠামো, বাংলাদেশ-জাপান প্রযুক্তি পার্ক এবং আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।
ইপিএ ও দক্ষ জনশক্তি উন্নয়ন
জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন হিরাইশি। তাঁর নিবন্ধে বলা হয়েছে, এ চুক্তির আওতায় বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে জাপানের ইস্পাত, গাড়ির যন্ত্রাংশ ও ইলেকট্রনিক পণ্যের জন্য বাংলাদেশের বাজারে অগ্রাধিকারমূলক সুবিধার বিষয়টিও আলোচনায় এসেছে।
দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে জাপানি ভাষা, সংস্কৃতি ও কর্মক্ষেত্রের আচরণবিধি শেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর মতে, শুধু কর্মী পাঠানোর সংখ্যা বাড়ানো নয়, বরং জাপানে কাজের উপযোগী করে প্রশিক্ষিত ও যাচাই করা কর্মী পাঠানো প্রয়োজন।
বাংলাদেশে ব্যবসার পথে তিন বাধা
হিরাইশির মতে, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে জাপানি প্রতিষ্ঠানগুলো প্রধানত তিন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়।
প্রথমত, বৈদেশিক মুদ্রা লেনদেন, মুনাফা নিজ দেশে পাঠানো, কর ও বিভিন্ন অনুমোদন প্রক্রিয়ার জটিলতা। দ্বিতীয়ত, বন্দর ও কাস্টমস কার্যক্রমে বিলম্ব, যা সরবরাহব্যবস্থায় সময় ও ব্যয় বাড়াতে পারে। তৃতীয়ত, স্থানীয় মধ্যস্থতাকারী ও কর্মী পাঠানো প্রতিষ্ঠানের সেবার মান নিয়ে উদ্বেগ।
তাঁর দাবি, কিছু প্রতিষ্ঠান জাপানি ভাষায় দক্ষ কর্মী সরবরাহের কথা বললেও যথাযথ ভাষা শিক্ষা, কর্মক্ষেত্রের প্রশিক্ষণ এবং চাকরিতে যোগ দেওয়ার পর প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারে না। এতে জাপানি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত ঝুঁকিতে পড়তে হয়।
ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের সঙ্গে তুলনা
জাপানে কর্মী নিয়োগের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের পরিস্থিতিও নিবন্ধে তুলে ধরেছেন হিরাইশি। তাঁর বক্তব্য অনুযায়ী, ভিয়েতনামে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মুদ্রার বিনিময় হারের প্রভাবের কারণে জাপানে কর্মী পাঠানোর আগ্রহ কমছে এবং নিয়োগ ব্যয় বাড়ছে। ইন্দোনেশিয়ায় প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কর্মী নিয়োগ থেকে কাজে যোগ দেওয়া পর্যন্ত ছয় থেকে আট মাস সময় লাগতে পারে। আর মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও বাধ্যতামূলক সামরিক নিয়োগের ঝুঁকি কর্মী পাঠানোর পরিকল্পনাকে অনিশ্চিত করে তুলছে।
এর বিপরীতে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী, তুলনামূলক কম শ্রমব্যয় এবং জাপানে কাজ করার আগ্রহকে সম্ভাবনা হিসেবে দেখিয়েছেন তিনি। তবে বাংলাদেশি কর্মীদের প্রথম বছরেই ৯৫ শতাংশের বেশি কর্মস্থলে টিকে থাকার যে দাবি নিবন্ধে করা হয়েছে, তার পক্ষে কোনো স্বাধীন পরিসংখ্যান বা গবেষণার সূত্র দেওয়া হয়নি।
কর্মী বাছাইয়ে কঠোর প্রক্রিয়ার দাবি টকিটাসের
নিবন্ধে নিজেদের কার্যক্রমের বিবরণ দিতে গিয়ে টকিটাস জানিয়েছে, বাংলাদেশে একটি সরকারি অনুমোদনপ্রাপ্ত কর্মী পাঠানো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সরাসরি অংশীদারত্ব রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, কর্মী নির্বাচনে পাঁচজনের বেশি প্রার্থীর মধ্য থেকে একজন বাছাই করা হয় এবং সাক্ষাৎকার ও যাচাই প্রক্রিয়ায় প্রায় ৭০ শতাংশ প্রার্থী বাদ পড়েন।
এ ছাড়া ৫০০ ঘণ্টার জাপানি ভাষা ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ, কাজের নির্দেশনা বুঝে পুনরাবৃত্তি করে নিশ্চিত করা এবং 5S কর্মশৃঙ্খলা শেখানোর ব্যবস্থার কথাও উল্লেখ করেছেন হিরাইশি। মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি অংশীদারত্বের মাধ্যমে নিয়োগ ব্যয় নিয়ন্ত্রণের দাবি করেছে প্রতিষ্ঠানটি।
জাপানি বিনিয়োগের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
হিরাইশির মতে, দুই দেশের শীর্ষ পর্যায়ে বিনিয়োগের কাঠামো তৈরি হলেও বাস্তবে বিনিয়োগ ও কর্মী নিয়োগ সফল করতে হলে স্থানীয় পর্যায়ে নির্ভরযোগ্য অংশীদার নির্বাচন গুরুত্বপূর্ণ। সরকারি পর্যায়ের সমঝোতা থেকে মাঠপর্যায়ের বাস্তবায়ন পর্যন্ত কার্যকর যোগাযোগ ও সমন্বয় না থাকলে বিনিয়োগ পরিকল্পনা বিলম্বিত হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর শেষে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত হতে পারে এবং এতে প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। তবে এটি নিশ্চিত সরকারি ঋণ বা ইতোমধ্যে বাস্তবায়িত বিনিয়োগ নয়; বরং বেসরকারি বিনিয়োগের প্রত্যাশিত পরিমাণ।
এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে ব্যবসার পরিবেশ উন্নয়ন, দ্রুত কাস্টমস সেবা, স্বচ্ছ করব্যবস্থা এবং দক্ষ জনশক্তি তৈরির বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।