উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমগাডা এলাকায় ফসলি জমি ভরাটের অভিযোগ উঠেছে। খাসেরহাট বাজারসংলগ্ন কৃষিজমিতে ড্রেজার বসিয়ে মাটি ভরাটের কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার কৃষি পরিবেশ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমগাডা এলাকায় ড্রেজারের মাধ্যমে কৃষিজমি ভরাট করা হচ্ছে। স্থানীয় আব্দুল্লাহ নামের এক ব্যক্তি এ কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। তবে কৃষিজমি ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ দাবি করেন, জমি ভরাটের জন্য তাঁর অনুমতি রয়েছে। তবে কোন দপ্তর থেকে কী ধরনের অনুমোদন নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য বা কাগজপত্র পাওয়া যায়নি।
অন্যদিকে, মোল্লাকান্দি ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিসের নায়েব জানান, এর আগে তিনি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছিলেন। এ সময় ঘটনাস্থলের ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের বিষয়টি পত্রিকায় প্রকাশ করার কথাও বলেন তিনি।
তবে প্রশ্ন উঠেছে, আগে বন্ধ করে দেওয়ার পরও কীভাবে আবার ভরাট কার্যক্রম চলছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা-ও স্পষ্ট নয়।
কৃষিজমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি
কৃষিজমি সংরক্ষণ ও পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এ অবস্থায় আমগাডা এলাকায় চলমান ভরাট কার্যক্রমের বৈধতা যাচাই, অনুমোদনের কাগজপত্র পরীক্ষা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সরেজমিন তদন্ত করা হোক। অনুমোদন ছাড়া কৃষিজমি ভরাটের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এখন দেখার বিষয়, কৃষিজমি ভরাটের অভিযোগে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং আমগাডার কৃষিজমি রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয় কি না।