উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলে বড় ধরনের ধস নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই অকৃতকার্য হয়েছেন। মোট ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
শনিবার প্রকাশিত ফল অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
শুধু ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়েই অকৃতকার্য হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী। এর মধ্যে ইংরেজিতে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন ফেল করেছেন।
ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
জিপিএ-৫ কমেছে ৪২ শতাংশ
এবার শুধু পাসের হারই কমেনি, উল্লেখযোগ্যভাবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। ২০২৫ সালে ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। এবার পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অর্থাৎ এক বছরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন বা প্রায় ৪২ শতাংশ।
গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
ফল বিপর্যয়ের পেছনে যেসব কারণ
শিক্ষাসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য বাড়তি সময় ও পরিশ্রমের প্রয়োজন হয়েছে। বড় সিলেবাসের কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপেও পড়েছেন।
এ ছাড়া সব বোর্ডে অভিন্ন ও মানসম্মত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া, খাতা মূল্যায়নে প্রচলিত নিয়ম কঠোরভাবে অনুসরণ এবং পরীক্ষা কেন্দ্রে নজরদারি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টিও ফলাফলে প্রভাব ফেলেছে বলে মনে করছেন তাঁরা।
বিশেষজ্ঞদের কেউ কেউ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকেও ফল বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন। তাঁদের মতে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রভাব পড়েছিল। এতে অনেক শিক্ষার্থীর নিয়মিত ক্লাসে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ ব্যাহত হয়ে থাকতে পারে।
ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ
ঢাকা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২ দশমিক ৮২ শতাংশ।
১৫ বছরের মধ্যে সর্বনিম্ন চট্টগ্রাম বোর্ডে
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫২ দশমিক ৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। বোর্ডটিতে গত ১৫ বছরের মধ্যে এবার সর্বনিম্ন পাসের হার দেখা গেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ২০১ জন।
রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশে। প্রকাশিত ফল অনুযায়ী, বোর্ডের ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা খাতায় যেভাবে লিখেছে, সেভাবেই নম্বর পেয়েছে। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। এতে সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।
বরিশালে ১১ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি
বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। এ ছাড়া বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, যথাযথ পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে এবারের ফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
মানবিক বিভাগে অকৃতকার্য বেশি
১১টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম। এ বিভাগে ছাত্র ছিলেন ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৯০ হাজার ৬৬৪ জন। অন্যদিকে, ছাত্রী ছিলেন ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন; পাস করেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন। সব মিলিয়ে মানবিক বিভাগে পাসের হার ৪২ দশমিক ১৭ শতাংশ।
এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই বড় পতন দেখা গেছে। বিশেষ করে ইংরেজি ও আইসিটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া শিক্ষাব্যবস্থার মান, পাঠদান ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।