উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব সংসদ সদস্যের—এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
তিনি বলেছেন, ‘মেম্বার, চেয়ারম্যান নির্বাচিত করবে এমপি। এটা এমপির দায়িত্ব। মনোনয়ন দেবে এমপি। স্ব স্ব ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে বসে আলাপ-আলোচনার মাধ্যমে কানা-আন্ধা যারে দিবো, সেই যোগ্য। কোনও আওয়াজ করা যাবে না।’
শনিবার দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দিবেন, নলা (পায়ের নালা) নিয়ে বাড়িতে যাইতে পারবেন না।’
এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ফেসবুকে কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করে প্রশংসা করেছেন, আবার কেউ ব্যঙ্গাত্মক মন্তব্যের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এমন বক্তব্যকে ভবিষ্যৎ নির্বাচন ও জনপ্রতিনিধি নির্বাচনের স্বাধীনতার জন্য উদ্বেগজনক হিসেবেও দেখছেন।
বক্তব্যে সংসদ সদস্য আরও বলেন, দলের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তবে বক্তব্যের ব্যাখ্যায় মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, যারা দলের শৃঙ্খলা নষ্ট করে বিদ্রোহী প্রার্থী দেওয়ার বিষয়ে নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন, তাঁদের উদ্দেশেই তিনি এ কথা বলেছেন।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থনের বাইরে একাধিক প্রার্থী থাকলে দল-সমর্থিত প্রার্থীর বিজয় কঠিন হয়ে পড়ে। এ কারণে নির্বাচনি এলাকার দুটি উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে দল-সমর্থিত প্রার্থী নির্ধারণ করা হবে। এককভাবে কাউকে মনোনয়ন দেওয়ার কথা তিনি বলেননি।
সমাবেশে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।