উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে ‘আমার দেশ’ পত্রিকা তুলে ধরার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সম্পাদনা করে তাঁর হাতে পত্রিকাটি যুক্ত করা হয়েছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
গত ১ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রচার সম্পাদক জয়নাল আবেদীন শিশিরের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করা হয়। ছবির এক পাশে খালেদা জিয়াকে ‘আমার দেশ’ পত্রিকা হাতে দেখা যায়। অন্য পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে পত্রিকাটি ছিঁড়ে ফেলতে দেখা যায়।
ডিসমিসল্যাবের যাচাইয়ে ছবির বিভিন্ন অসংগতি পাওয়া যায়। পরে এআই শনাক্তকারী টুল সিন্থ আইডি দিয়ে পরীক্ষা করে দেখা যায়, ছবিটি ওপেনএআইয়ের মডেল ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।
আরও যাচাইয়ে ২০১৮ সালের ১৪ আগস্ট জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটির মূল সংস্করণ খুঁজে পাওয়া যায়। সেখানে খালেদা জিয়াকে একইভাবে মঞ্চে বক্তব্য দিতে দেখা গেলেও তাঁর হাতে কোনো পত্রিকা ছিল না।
ডিসমিসল্যাব ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের ভিডিওও যাচাই করেছে। ওই ভিডিওতে তাঁকে কোনো পত্রিকা হাতে দেখা যায়নি। ফলে মূল ছবিতে তাঁর খালি হাতে এআই প্রযুক্তির মাধ্যমে ‘আমার দেশ’ পত্রিকার ছবি যুক্ত করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে প্রতিষ্ঠানটি।
তবে অন্য কোনো ভাষণে খালেদা জিয়া এভাবে ‘আমার দেশ’ পত্রিকা তুলে ধরেছিলেন কি না, তা যাচাই করে নিশ্চিত হতে পারেনি ডিসমিসল্যাব।
উল্লেখ্য, ২০১৩ সালের ১১ এপ্রিল ‘আমার দেশ’ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর পত্রিকাটির প্রকাশনা আবার শুরু হয়।
সম্প্রতি পত্রিকাটিতে প্রকাশিত দুটি প্রতিবেদনের প্রতিবাদ জানাতে ফেসবুক লাইভে ‘আমার দেশ’-এর একটি কপি ছিঁড়ে ফেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।