উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ছাত্ররাজনীতি দিয়ে পথচলা শুরু। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ, মামলা, কারাবাস, নির্যাতন ও গুমের অভিজ্ঞতা—এসব নিয়েই এগিয়ে চলেছেন মো. রফিকুল ইসলাম মাসুম। সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সাবেক এই ভিপি এবার মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি হতে চান। রাজনৈতিক অঙ্গনে তিনি ভিপি মাসুম খান নামেও পরিচিত।
তাঁর দেওয়া রাজনৈতিক জীবনবৃত্তান্ত অনুযায়ী, ১৯৬৫ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া মাসুমের বাবার নাম মো. আবদুল খালেক খান। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএ ও এলএলবি (অনার্স)। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামে তাঁর পৈতৃক বাড়ি।
১৯৮১ সালে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরের বছর কলেজ ছাত্রদলের নেতৃত্বে যুক্ত হন। জীবনবৃত্তান্তে তিনি কলেজ ছাত্রদলের সভাপতি এবং সরকারি হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি ও জিএস হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করেছেন। ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত কাউন্সিলের মাধ্যমে তিনবার মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ার তথ্যও দিয়েছেন। এ ছাড়া ১৯৮৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ছিলেন বলে জানিয়েছেন তিনি।
ছাত্ররাজনীতি থেকে পরে যুক্ত হন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কর্মকাণ্ডে। জীবনবৃত্তান্তে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা ও সহসভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালনের তথ্য উল্লেখ করেছেন। জেলা বিএনপির বিশেষ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালনের কথা জানিয়েছেন তিনি।
রাজনৈতিক জীবনের নানা পর্যায়ে মামলা, কারাবাস, নির্যাতন ও গুমের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন মাসুম। তাঁর দাবি, মুন্সীগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে ৩৫ থেকে ৪০টি মামলা হয়েছে। এসব মামলার কয়েকটি এখনো চলমান। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে পুলিশি নির্যাতনের শিকার হওয়ার কথাও তাঁর জীবনবৃত্তান্তে উল্লেখ রয়েছে।
মাসুম জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি ছয়টি মামলায় আসামি ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে তাঁকে সাত দিন গুম করে রাখা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।
২০১৪ সালে যাত্রাবাড়ী থানার একটি মামলায় প্রায় সাত মাস কারাগারে থাকার কথাও জানিয়েছেন মাসুম। ২০১৮ সালে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জীবনবৃত্তান্তে উল্লেখ করেছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হামলা, গ্রেপ্তার ও হয়রানির শিকার হওয়ার বিবরণও দিয়েছেন তিনি।
জীবনবৃত্তান্ত অনুযায়ী, ১৯৮৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, কর্মসূচি ও দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন মাসুম। তাঁর ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
এবার তাঁর লক্ষ্য মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদ। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ছাত্রদল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলা বিএনপির নেতৃত্বে আসতে চান তিনি। সভাপতি পদে দায়িত্ব পেলে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা তাঁর।
ছাত্র সংসদের ভিপি থেকে জেলা বিএনপির সভাপতি হওয়ার প্রত্যাশা—ভিপি মাসুমের রাজনৈতিক জীবনের নতুন এই লক্ষ্য এখন তাঁর পরবর্তী সাংগঠনিক পথচলার গুরুত্বপূর্ণ বিষয়।