উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের প্রথম সরাসরি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি নেতাদের নেতৃত্বাধীন নবী-টিপু প্যানেল। ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সেক্রেটারি ও কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদেও জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা। তবে নির্বাচন ঘিরে অনিয়ম, অব্যবস্থাপনা, জাল ভোট ও ভোটার তালিকায় অসংগতির অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থী ও কয়েকজন ভোটার।
রেড ক্রিসেন্টের ৫১ বছরের ইতিহাসে এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হলো। গত আগস্টে তিন মাসের জন্য গঠিত এডহক কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নবী হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবারও নিজ নিজ পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯৯৭ ভোটারের মধ্যে ভোট দেন ৩৩৮ জন। সন্ধ্যা ৭টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক মো. মামুন মাহমুদ।
সেক্রেটারি পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা পেয়েছেন ১৫৪ ভোট।
কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদেও জয় পেয়েছেন নবী-টিপু প্যানেলের প্রার্থীরা। এ পদে প্রত্যেক ভোটার পাঁচজনকে ভোট দেওয়ার সুযোগ পান। সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। অন্য নির্বাচিতরা হলেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৮১ ভোট, অ্যাডভোকেট মো. জাকির হোসেন ২৭৫ ভোট, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ২৬৩ ভোট এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন ২১৮ ভোট।
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। তিনি পেয়েছেন ১১০ ভোট। মো. হারুন অর রশীদ খান পেয়েছেন ৯১ ভোট এবং মোহাম্মদ নাজমুল হক পেয়েছেন ৮৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মো. নবী হোসেন। অন্যদিকে, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ পদাধিকার বলে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও পালন করেন।
ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রজুড়ে প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট চান। ভোট দিতে ও নির্বাচন দেখতে কেন্দ্রে আসেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
তবে দুপুরের দিকে বৃষ্টির পর ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে অভিযোগ ওঠে। কয়েকজন প্রার্থীর অভিযোগ, জেলা পরিষদ ভবনের ভেতরে এবং এমনকি ভোটকেন্দ্রের ভেতরেও প্রার্থীদের লোকজন প্রচারণা চালিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে মাইকে একাধিকবার ঘোষণা দেওয়া হলেও তাঁদের সরানো যায়নি বলে দাবি করেন তাঁরা।
এক প্রার্থী জাল ভোট দেওয়ার অভিযোগে ছয়জনকে আটক করার দাবি করলেও পরে তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন।
নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি। তিনি বলেন, নির্বাচন ছিল সম্পূর্ণ বিশৃঙ্খল। ভোটার তালিকায় সমস্যা ছিল এবং ভোট জালিয়াতির আশঙ্কা রয়েছে। অযোগ্য নির্বাচন পরিচালনা কমিটির অধীনে ভোট দিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ফল ঘোষণার আগে অনিয়মের অভিযোগ তোলেন সেক্রেটারি পদে পরাজিত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা। তাঁর অভিযোগ, ভোটের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই যথাযথভাবে করা হয়নি। এনআইডি ছাড়াই কয়েকজনকে ব্যালট দেওয়া হয়েছে। ভোটার তালিকার একাধিক সংস্করণ থাকায় অনেকে কেন্দ্রে এসে নিজেদের নাম ও ক্রমিক নম্বর খুঁজে পাননি। কারও নাম তালিকায় থাকলেও পরিচয়সংক্রান্ত তথ্যে অসংগতি ছিল। আবার কয়েকজন ভোটার কেন্দ্রে এসে জানতে পারেন, তাঁদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে।
রেজাউল করিম খানের ভাষ্য, বৃষ্টির আগ পর্যন্ত ভোটগ্রহণ মোটামুটি স্বাভাবিক ছিল। কিন্তু বৃষ্টির পর অনিয়ম বেড়ে যায়। জাল ভোট দিতে আসা দুই-তিনজনকে শনাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচজনকে কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি।
সদস্য পদে পরাজিত প্রার্থী ও জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানও নির্বাচনে অনিয়মের অভিযোগ করেন। তিনি বলেন, সকালে ভোটকেন্দ্রে সুন্দর ও আনন্দমুখর পরিবেশ ছিল। তবে শুরুতে কেন্দ্রের ভেতরে প্রার্থীদের লোকজনের অবস্থান ও ভোট চাওয়ার বিষয়ে বিধিনিষেধ থাকলেও পরে তা শিথিল করা হয়। একপর্যায়ে প্রার্থীদের লোকজন ভোট দেওয়ার বুথ পর্যন্ত যাওয়ার সুযোগ পান।
নিরব রায়হানের অভিযোগ, বৃষ্টির পর ভোটগ্রহণের বুথগুলো ভেতরে নেওয়া হলে তাঁর এজেন্টরা প্রায় ১৫ জনকে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করে বের করে দেন। কয়েকজন ভোটার নিজেদের বাবার নাম বলতে পারেননি বলেও দাবি করেন তিনি। তাঁর এক ভোটার চাকরি থেকে দ্রুত কেন্দ্রে এসে ভোট দিতে গেলে জানতে পারেন, তাঁর ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এ ছাড়া বৃষ্টির সময় তাঁর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত দুটি এক্স-স্ট্যান্ড ভেঙে ফেলা এবং ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ করেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমান সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি তাঁর।
তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক মো. মামুন মাহমুদ। তিনি বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
মামুন মাহমুদ আরও বলেন, ৫১ বছরের ইতিহাসে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির এটি প্রথম নির্বাচন। ঐতিহাসিক বিবেচনায় দিনটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। নির্বাচিত ব্যক্তিরা সমাজসেবায় ভূমিকা রাখবেন। আর যারা নির্বাচিত হতে পারেননি, তাঁরাও আজীবন সদস্য হিসেবে নির্বাচিতদের সঙ্গে মিলেমিশে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।
নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা ছিলেন অধ্যাপক বদরুননাহার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।