উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাব সেতুর নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির ‘গ’ জোনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তারাব সেতুর নিচে অভিযান চালায়।
অভিযানে পুলিশের কাছ থেকে লুট হওয়া ২৯ রাউন্ড শর্টগানের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এসব গুলি কখন, কোথা থেকে এবং কীভাবে লুট হয়েছিল, সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।