উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হামেশা ফুড লিমিটেড ও কাশ্মীর গ্রুপের কারখানায় ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ২০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, মালামাল বিক্রির ৯৩ হাজার টাকা ও একটি তামার ববিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটা থেকে ভোর ৪টার মধ্যে সোনারগাঁয়ের হামেশা ফুড লিমিটেডের নিরাপত্তাকর্মীদের জিম্মি করে একদল ডাকাত তামার তার, মনিটর ও মোবাইল ফোন লুট করে পিকআপে করে নিয়ে যায়। পরদিন ২৭ অক্টোবর দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে একই কায়দায় কাশ্মীর গ্রুপের কারখানা থেকে তামার তারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় পৃথক দুটি ডাকাতি মামলা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষের সহযোগিতায় সোনারগাঁ থানা-পুলিশ দুটি দল গঠন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এবং পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে দল দুটি ঢাকা, গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ৩১ অক্টোবর প্রথম দল ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে রাদেশুল মাদবর ওরফে রাজু (৩০) এবং টঙ্গী পূর্ব থানার আনারকলি এলাকার হাফসা ট্রেডার্স থেকে আবু সাঈদ ওরফে মোল্লাকে (৩৯) গ্রেপ্তার করে। দ্বিতীয় দল গাজীপুর থেকে বাছের মিয়া (২৫), অনিল বাবু (৩৫) ও ইমন হাসান ওরফে রাশেদুলকে (২৮) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২০০ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ৩০০ আরের ৪৪০ মিটার ক্যাবলের কভার থেকে এসব তামার তার ছাড়ানো হয়েছিল। এ ছাড়া একটি খোলা পিকআপ (ঢাকা মেট্রো-ন-২০-৬৮৫৮), মালামাল বিক্রির নগদ ৯৩ হাজার টাকা এবং একটি তামার ববিন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ১ নভেম্বর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে রাজু ও আবু সাঈদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা বিচারাধীন রয়েছে। আর অনিল বাবুর বিরুদ্ধে ডাকাতিসহ ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।