উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জে প্রবেশ করলে সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। একই সঙ্গে শামীম ওসমানের বিরুদ্ধে লুটপাট, সন্ত্রাস ও নারায়ণগঞ্জবাসীকে জিম্মি করে রাখার অভিযোগ করেন তিনি।
রোববার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সস্তাপুর এলাকায় জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন টিপু।
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ করে টিপু বলেন, ‘নারায়ণগঞ্জে একটা চাপাবাজ, নাটকবাজ গডফাদার আছে। সে ঘোষণা দিয়েছে, আমি ডিসেম্বরে আসতেছি, কামান-টামান, গোলাবারুদ কোনও কিছুই আমাকে আটকাতে পারবে না। আরে বেটা, তুই তো বোরখা পরে পালিয়ে গিয়েছিস। তুই তো কাপুরুষ। তুই আবার কী ঘোষণা দেস। তুই তো বর্ডার এলাকা পার হয়ে আসতে পারবি না। এবার তুই নারায়ণগঞ্জে ঢুকলে তোর হাত-পা থাকবে কি না সেটা তুই দেখিস।’
শামীম ওসমানের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন, ‘তোদের পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসীকে আর জিম্মি করতে দেওয়া হবে না। তুই পাঁচ হাজার কোটি টাকা নারায়ণগঞ্জ থেকে লুটপাট করে নিয়েছিস।’
তিনি আরও বলেন, ‘বহু চাঁদাবাজি করেছিস জীবনে, আল্লাহর কাছে তওবা কর, মাফ চা।’
শামীম ওসমানের অসুস্থতার প্রসঙ্গ টেনে টিপু বলেন, তিনি ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে দাবি করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জে ফেরার বিষয়ে শামীম ওসমানের বক্তব্যের সমালোচনা করেন তিনি।
এর আগে গত ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে।