উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ও রোববার পৃথক দুটি ঘটনায় তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাত ও নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা রাজ্যটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
রোববার (১ নভেম্বর) পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের নোনি জেলায় শনিবার সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে কুকি জনগোষ্ঠীর তিনজন পুরুষ নিহত হন। পুলিশের বিবৃতিতে হামলাকারীদের ‘পরিচয়হীন সশস্ত্র দুর্বৃত্ত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, কয়েক দিন আগে নিখোঁজ হওয়া একই জনগোষ্ঠীর আরও দুই ব্যক্তির মরদেহ রোববার সকালে কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালানোর পর তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দ্বিতীয় বিবৃতিতে জানানো হয়।
এ হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দায়ী করেছে কুকি জনগোষ্ঠীর একটি শীর্ষ সংগঠন। তাদের দাবি, নিজস্ব আবাসভূমিতে কুকিদের ওপর বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
নতুন করে হত্যাকাণ্ডের ঘটনা এমন সময়ে ঘটল, যখন মণিপুরের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের বিক্ষোভ চলছে। কয়েক লাখ মানুষের অংশগ্রহণে আয়োজিত এসব বিক্ষোভ থেকে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভারত সরকারের করা যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবি জানানো হয়েছে।
কুকি ও নাগা—দুই জনগোষ্ঠীর মধ্যে নিজ নিজ এলাকার ওপর অধিকার ও বসতি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকি সম্প্রদায়ের কয়েকজনের বিরুদ্ধে এক নাগা ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠার পর নতুন করে উত্তেজনা শুরু হয়।
এরপর মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীর হামলায় তিন কুকি যাজক নিহত হওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অপহরণ ও হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে। সাম্প্রতিক কুকি-নাগা সংঘাত রাজ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মণিপুরে কুকি ও নাগাদের বিরোধের পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকিদের দীর্ঘদিনের সংঘাতও চলছে। ২০২৩ সালের মে মাসে অর্থনৈতিক সুবিধা ও সরকারি চাকরিতে সংরক্ষণের সুযোগ নিয়ে বিরোধের জেরে এ সংঘাত শুরু হয়। এরপর থেকে রাজ্যটিতে সহিংসতা, প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা অব্যাহত রয়েছে।
সংঘাতের কারণে বাস্তুচ্যুত ৬০ হাজারের বেশি মানুষ এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এ সংঘাতে এ পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন করে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় মণিপুরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: রয়টার্স