উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে মারধরের পর জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বিজয় (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মাইফরশপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ভবনের সিঁড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত বিজয় মিরকাদিম এলাকার একটি হার্ডবোর্ড কারখানায় কাজ করতেন। একই কর্মস্থলে কাজ করার সুবাদে তাদের মধ্যে পরিচয় ছিল। ঘটনার দিন বিকেল ৫টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বিজয় ওই কিশোরীর পিছু নেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে একটি পরিত্যক্ত ভবনের সামনে নিয়ে যান।
অভিযোগে বলা হয়, সেখানে বিজয় ধর্ষণের চেষ্টা করলে কিশোরী বাধা দেয়। এ সময় তার ওড়না দিয়ে কিশোরীর মুখ বেঁধে পাশের একটি লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন তিনি। এতে কিশোরী আহত হয়ে মাটিতে পড়ে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় কিশোরী। তার বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে টংগিবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় অভিযুক্ত বিজয়কেও গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় টংগিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।