উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্য থেকে ফ্রান্সে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের অবৈধভাবে পাঠানোর সঙ্গে জড়িত একটি মানবপাচারকারী চক্রের সদস্যদের ৮৪ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত। ২১ সদস্যের এই চক্রটি প্রত্যেক অভিবাসীর কাছ থেকে ১ হাজার ৮০০ ডলার করে আদায় করত। পাচারের শিকার ব্যক্তিদের অধিকাংশই বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের নাগরিক।
ইনফোমাইগ্রেন্টসের ৩০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চক্রটি মূলত যুক্তরাজ্য থেকে ফ্রান্সে যাওয়ার ইচ্ছুক অভিবাসীদের লক্ষ্য করে কাজ করত। এসব অভিবাসী বৈধ ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করলেও পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কাজ করার উদ্দেশ্যে সীমান্তের নিয়মকানুন এড়িয়ে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করতেন। এই সুযোগ কাজে লাগিয়ে অর্থের বিনিময়ে তাঁদের সীমান্ত পার করে দেওয়ার ব্যবস্থা করত পাচারকারীরা।
পাচারের জন্য একটি সুপরিকল্পিত পরিবহনব্যবস্থা গড়ে তুলেছিল চক্রটি। প্রথমে অভিবাসীদের লন্ডন থেকে ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেন্ট এলাকায় নিয়ে যাওয়া হতো। সেখানে আগে থেকেই অর্থের বিনিময়ে নিয়োগ করা ট্রাকচালকেরা অপেক্ষা করতেন। পরে তাঁদের ট্রাকের ভেতরে তুলে ফেরির মাধ্যমে ইংলিশ চ্যানেল পার করে ফ্রান্সে পাঠানোর পরিকল্পনা করা হতো।
চক্রটির কার্যক্রম দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। সংস্থাটির তদন্তে যুক্তরাজ্য থেকে অভিবাসীদের পাচারের ১০টি প্রচেষ্টার তথ্য উঠে আসে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে এসব পাচারের চেষ্টা প্রতিহত করা হয়। এ সময় মোট ১৯৬ জন অভিবাসীকে আটক করা হয়।
তদন্তের অংশ হিসেবে সংগৃহীত সিসিটিভি ও থার্মাল ইমেজিং ক্যামেরার ফুটেজে পাচারের ভয়াবহ চিত্র উঠে এসেছে। একটি শিল্প এলাকায় নির্ধারিত স্থানে অভিবাসীদের জড়ো করে ট্রাকে তোলার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। থার্মাল ইমেজিং ফুটেজে একটি ট্রাকের ভেতরে অনেক মানুষকে গাদাগাদি করে অবস্থান করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে এনসিএ কর্মকর্তাদের ট্রাক ও ভ্যানের পেছনের দরজা খুলে ভেতরে লুকিয়ে রাখা অভিবাসীদের উদ্ধার করতে দেখা যায়।
আদালতের রায়ে চক্রটির সংগঠক ও পরিবহনব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন দেশের নাগরিকদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চক্রটির প্রধান সংগঠক ৪৪ বছর বয়সী সুহাল আহমেদ। মানবপাচারের অভিযোগ স্বীকার করার পর তাঁকে সাড়ে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর ঘনিষ্ঠ সহযোগী ২৬ বছর বয়সী সুহেল আহমেদ অভিবাসীদের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ৮০০ ডলার সংগ্রহ করতেন। পাশাপাশি লন্ডন থেকে কেন্টে পৌঁছে দেওয়ার জন্য ট্যাক্সিচালকদের অর্থ দেওয়ার দায়িত্বও ছিল তাঁর। বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া ৫০ বছর বয়সী মিনিক্যাবচালক রোবিউল ইসলাম অভিবাসীদের লন্ডন থেকে কেন্টে নিয়ে যাওয়ার কাজে যুক্ত ছিলেন। একই কাজে অন্য চালকদের সংগঠিত করতেও তিনি ভূমিকা রাখেন। নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করার পর তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চক্রটির পরিবহন নেটওয়ার্কে যুক্ত ছিলেন রোমানিয়ার ৫৪ বছর বয়সী নিকুসর লাকাতুস। অর্থের বিনিময়ে অভিবাসীদের পরিবহন করতে রাজি এমন ভারী পণ্যবাহী ট্রাক ও ভ্যানচালকদের সঙ্গে চক্রটির যোগাযোগ করিয়ে দিতেন তিনি। এ অপরাধে তাঁকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এনসিএর জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা জন টার্নার বলেন, এই রায়ের মধ্য দিয়ে একটি বড় মানবপাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তদন্তের সমাপ্তি ঘটেছে। তদন্তের মাধ্যমে চক্রটির সংগঠক থেকে শুরু করে অভিবাসীদের পরিবহনে যুক্ত চালকদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ইংলিশ চ্যানেলের যেকোনো দিক দিয়ে মানুষ পাচার করে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে বলে যারা মনে করছেন, তাঁদের জন্য এই রায় সতর্কবার্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আগের চেয়ে জোরদার হয়েছে। এ ধরনের অপরাধে জড়িয়ে লাভবান হওয়ার সুযোগ নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে অভিবাসী পাচারের প্রবণতা নতুন করে নজরে এসেছে। এত দিন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় ফ্রান্স থেকে যুক্তরাজ্যে প্রবেশের বিষয়টি বেশি আলোচনায় থাকলেও এখন বিপরীতমুখী পাচার কার্যক্রমও গুরুত্ব পাচ্ছে।
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর দেশটির সঙ্গে ইইউর সীমান্ত ব্যবস্থায় পরিবর্তন এসেছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু মানবপাচারকারী চক্র যুক্তরাজ্যকে ফ্রান্সে যাওয়ার একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। বৈধ ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করা ব্যক্তিদের পরবর্তী সময়ে গোপনে গাড়িতে করে ফ্রান্সে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এর আগে একই ধরনের আরেকটি মানবপাচারকারী চক্রের কার্যক্রমও ভেঙে দিয়েছিল ব্রিটিশ কর্তৃপক্ষ। ওই চক্রের নেতৃত্বে ছিলেন কয়েকজন আলজেরীয় নাগরিক। তাঁরা ট্রাকের ভেতরে অভিবাসীদের গাদাগাদি করে লুকিয়ে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে পাঠানোর ব্যবস্থা করতেন। পরবর্তী সময়ে তদন্তের মাধ্যমে চক্রটির জ্যেষ্ঠ সদস্যদেরও দোষী সাব্যস্ত করা হয়।
ব্রিটিশ কর্তৃপক্ষের এই অভিযান ও আদালতের রায় ইউরোপে অবৈধ অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধে নতুন করে গুরুত্ব তৈরি করেছে। বিশেষ করে উন্নত জীবনের আশায় বিদেশে যাওয়া বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার নাগরিকদের পাচারকারীদের প্রলোভন ও অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে।