উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া আন্দোলনে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী, কর্মজীবী মানুষ ও পরিবহনচালকরা। বিকেল পাঁচটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে বিভিন্ন রুটের যানবাহন।
বেলা আড়াইটার দিকে সড়কের ভূঁইগড় এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট বৃষ্টির পর কিছু সময়ের জন্য যান চলাচল শুরু হয়। তবে পরিস্থিতি বেশিক্ষণ স্বাভাবিক থাকেনি। পরে শিবু মার্কেট এলাকায় শ্রমিকরা আবার জড়ো হয়ে সড়ক অবরোধ করলে যান চলাচল পুনরায় বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শ্রমিকদের বক্তব্য, বর্তমান বেতনে বাসাভাড়া, খাবার, চিকিৎসা ও পরিবারের অন্যান্য ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের আয় সেই অনুপাতে বাড়েনি।
মেট্রো নিটিং অ্যান্ড ডাইং কারখানার শ্রমিক শহিদুল ইসলাম জানান, তাঁর মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা। এর মধ্যে বাসাভাড়া বাবদ দিতে হয় সাড়ে পাঁচ হাজার টাকা। এক মাসের বাজার খরচেই ব্যয় হয় প্রায় ১০ হাজার টাকা। চিকিৎসার একটি পরীক্ষা করাতে খরচ হয় পাঁচ হাজার টাকা। ফলে মাস শেষে সংসারের অন্যান্য প্রয়োজন মেটাতে তাঁকে হিমশিম খেতে হয়।
শহিদুল বলেন, এই পরিস্থিতিতে তাঁদের একটাই দাবি—মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
হাবিবুর রহমান নামে আরেক শ্রমিক জানান, চার সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে প্রতিনিয়ত সংকটে পড়তে হচ্ছে তাঁকে।
তিনি বলেন, “বাঁচার মতো বেতন দিতে হবে। আমরা কাজ করেই বাঁচতে চাই। কাজ ছাড়া তো টাকা চাই না। শহরে বাসার ভাড়া তো আপনারা জানেন। আমাদের বেতন যদি না বাড়ায়, তাহলে গ্যাস, বিদ্যুতের দাম আর দ্রব্যমূল্য কমিয়ে দিক। নাহলে আমাদের বেতন বাড়িয়ে ৩০ হাজার করতেই হবে। নাহলে আমরা আন্দোলন থামাবো না।”
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা ঢাকা ও গাজীপুরে শ্রমিক আন্দোলনে হতাহতের ঘটনারও প্রতিবাদ জানান।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে অবরোধ করেছেন। এতে যান চলাচল বিঘ্নিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়। সড়কে পুলিশের সাঁজোয়া যান ও জলকামানের গাড়িও প্রস্তুত রাখা হয়েছিল।
অবরোধের কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে। অনেককে কয়েক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। কেউ কেউ যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করেন। আবার অনেকে যানবাহনে বসেই দীর্ঘ সময় অপেক্ষা করেন।
সিলেট থেকে আসা হাজেরা বেগম সাইনবোর্ড এলাকায় বাস থেকে নেমে চাষাঢ়ার উদ্দেশে যাত্রা করেন। প্রথমে ব্যাটারিচালিত রিকশায় প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর যানজটের কারণে তাঁকে নেমে হাঁটতে হয়। তাঁর গন্তব্য চাষাঢ়া, যা সেখান থেকে অন্তত ছয় কিলোমিটার দূরে।
হাজেরা বলেন, “একা একজন মহিলা মানুষ আমি দুইটা ব্যাগ নিয়ে এত পথ কেমনে হাঁইটা যামু তাই ভাবতেছি।”
অন্যদিকে, ফতুল্লা স্টেডিয়াম এলাকায় গরুবোঝাই পিকআপ নিয়ে আটকে পড়েন চালক আব্দুর রহমান। তিনি জানান, কাঞ্চন ব্রিজ থেকে গরু নিয়ে গোগনগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু যানজটের কারণে একই জায়গায় দুই ঘণ্টার বেশি সময় ধরে বসে থাকতে হয়েছে। সামনে কত দূর পর্যন্ত যানজট রয়েছে, তা-ও বুঝতে পারছিলেন না তিনি।
বিকেল সাড়ে চারটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়কের এক পাশে সরিয়ে দিলে যান চলাচল কিছুটা শুরু হয়। তবে শ্রমিকরা তখনো বিক্ষোভ অব্যাহত রাখেন।
এ সময় জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান শ্রমিকদের উদ্দেশে বলেন, “কেউ উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। সরকার আপনাদের নিয়ে কাজ করছে। আপনাদের বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে।”
পুলিশ সুপারের বক্তব্যের পরও শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে অনড় থাকেন। ঘটনাস্থলে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন।
শেষ পর্যন্ত বিকেল পাঁচটার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যেতে শুরু করলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। প্রায় চার ঘণ্টার অবরোধের অবসান হলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি ও এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা রয়ে গেছে।