উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাছের পোনা পরিবহনের ট্যাংকিতে লুকিয়ে গাঁজা পাচারের সময় মুন্সীগঞ্জের মুক্তারপুরে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর টোলগামী সড়কে এশিয়া মিলের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্বপাড়া এলাকার মো. এনামুল হক (২৩) ও মো. শাহিন হাসান (২২)। তাঁদের দুজনের বাবার নাম যথাক্রমে ইদন মিয়া ও শাহ আলম।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর এলাকায় চেকপোস্ট বসায়।
এ সময় মাওয়া থেকে আসা সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালানো হয়। পিকআপে মাছের পোনা পরিবহনের জন্য ব্যবহৃত ট্যাংকির ভেতরে বিশেষভাবে রাখা তিনটি পোটলা পাওয়া যায়। পরে পোটলাগুলো খুলে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনটি পোটলার একটিতে পাঁচ কেজি, আরেকটিতে পাঁচ কেজি এবং অন্যটিতে চার কেজি গাঁজা ছিল।
অভিযানে এসআই মো. কামরুল হাসান পিপিএম, এএসআই দীপক কুমারসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়। গাঁজার পাশাপাশি নেভিব্লু রঙের পিকআপটি জব্দ করা হয়েছে। গাড়িটির নিবন্ধন নম্বর কুমিল্লা-১১-০৭৭৪।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, জেলায় নিয়মিত মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তার চললেও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামেও গাঁজা, ইয়াবা ও মদসহ নানা ধরনের মাদক পৌঁছে যাচ্ছে।
স্থানীয়দের দাবি, কোনো একটি চক্রের সদস্য গ্রেপ্তার হলে অন্যরা মাদক বিক্রির দায়িত্ব নেয়। ফলে অভিযান চললেও মাদকের সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় সচেতন মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।