উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ এক্সপোর উদ্বোধন করেন তিনি।
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার বাড়ানো, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই এক্সপো।
আয়োজনে সৌরবিদ্যুৎ উৎপাদন, ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তির আধুনিক উদ্ভাবন এবং এ খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ এক্সপোর মাধ্যমে সৌরবিদ্যুৎ প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়বে এবং আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার ব্যবহার উৎসাহিত হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।
দুই দিনব্যাপী এ আয়োজনে সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন, পণ্য ও সম্ভাবনা প্রদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট খাতের অংশীজনদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।