উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদানের আবেদন করা হলেও প্রধানমন্ত্রী প্রস্তাবিত অর্থের চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে প্রধানমন্ত্রী ৩ কোটি টাকা অনুদানের বিষয়ে অনুমোদন দেন। আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপন উপলক্ষে এ অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেওয়া হবে। বরাদ্দের প্রস্তাব অনুযায়ী, অর্থ খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে দেওয়া হবে।
মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বলা হয়, বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব আয়োজন ও কার্যক্রম বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।
প্রাথমিকভাবে চলতি বছর বড়দিন উদযাপনের জন্য ২ কোটি টাকা বরাদ্দের আবেদন জানানো হয়েছিল। তবে আবেদন পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ওই অর্থের পরিমাণ বাড়িয়ে ৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন।
প্রস্তাবিত অর্থের তুলনায় অতিরিক্ত এক কোটি টাকা বরাদ্দের এ সিদ্ধান্তের ফলে বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রমে সহায়তা বাড়বে বলে আশা করা হচ্ছে।