উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনছে দেশটির সরকার। নতুন ‘আর্নড সেটেলমেন্ট’ বা অর্জিত স্থায়ী বসবাস নীতির আওতায় অধিকাংশ অভিবাসীকে স্থায়ী বসবাসের অনুমতি পেতে আগের পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর অপেক্ষা করতে হবে। তবে বেশি আয় করেন এমন ব্যক্তি, চিকিৎসক, নার্স, শিক্ষকসহ নির্দিষ্ট কিছু পেশার কর্মীদের জন্য অপেক্ষার সময় কম রাখার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ পার্লামেন্টে সরকারের নতুন অভিবাসন নীতির বিস্তারিত তুলে ধরেন। এর মাধ্যমে ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত প্রস্তাবের পরামর্শ গ্রহণ ও পর্যালোচনা শেষে স্থায়ী বসবাসের নতুন কাঠামো ঘোষণা করা হলো। সরকার জানিয়েছে, পরিবর্তনগুলো ২০২৭ সালজুড়ে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে নির্দিষ্ট ভিসার আওতায় পাঁচ বছর যুক্তরাজ্যে বসবাসের পর অনেক অভিবাসী অনির্দিষ্টকালের জন্য বসবাসের অনুমতি বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়ার আবেদন করতে পারেন। নতুন ব্যবস্থায় শুধু নির্দিষ্ট সময় দেশটিতে অবস্থান করলেই স্থায়ী হওয়ার সুযোগ মিলবে না। আবেদনকারীর আয়, কাজ, সামাজিক অবদান, ইংরেজি ভাষার দক্ষতা এবং আইন মেনে চলার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে।
কারা কত বছরে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন
নতুন নীতিতে সাধারণ অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের সময়সীমা ১০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে যাঁরা বছরে ৫০ হাজার ২৭১ পাউন্ডের বেশি আয় করেন, তাঁরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। চিকিৎসক, নার্স ও শিক্ষকদের মতো নির্দিষ্ট জনসেবামূলক পেশায় কর্মরত ব্যক্তিদের জন্যও পাঁচ বছরের পথ রাখা হয়েছে।
অন্যদিকে, যাঁদের বার্ষিক আয় ১ লাখ ২৫ হাজার ১৪১ পাউন্ডের বেশি, তাঁদের তিন বছর পর স্থায়ী বসবাসের আবেদন করার সুযোগ থাকবে। গ্লোবাল ট্যালেন্ট ও ইনোভেটর ফাউন্ডারের মতো উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসন কর্মসূচির আওতায় আসা ব্যক্তিরাও তিন বছরের সুবিধা পাবেন।
পরিচর্যাকর্মীদের জন্যও বিশেষ ছাড় রাখা হয়েছে। যাঁরা ভিসার শর্ত মেনে কাজ করেছেন এবং বছরে অন্তত ২৫ হাজার পাউন্ড আয় করেছেন, তাঁরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। একই ধরনের অন্তর্বর্তী সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাজ্যে আসা স্বাস্থ্য ও শিক্ষা খাতের কিছু কর্মীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
স্থায়ী বসবাসে নতুন বাধ্যতামূলক শর্ত
নতুন নিয়মে আবেদনকারীদের কয়েকটি মৌলিক যোগ্যতা পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে অপরাধের রেকর্ড না থাকা, উচ্চ পর্যায়ের ইংরেজি ভাষার দক্ষতা, সরকারের কাছে কোনো বকেয়া ঋণ না থাকা এবং নির্দিষ্ট সময় ধরে জাতীয় বিমা বা ন্যাশনাল ইনস্যুরেন্সে অবদান রাখার রেকর্ড।
সরকারের বক্তব্য, স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর শুধু যুক্তরাজ্যে অবস্থানের সময় নয়, দেশটির অর্থনীতি ও সমাজে তাঁর অবদানও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অভিবাসন আইনের শর্ত লঙ্ঘনকারীদের ক্ষেত্রে স্থায়ী বসবাসের অপেক্ষার সময় অন্তত ২০ বছর পর্যন্ত বাড়তে পারে।
শরণার্থীদের ক্ষেত্রেও পরিবর্তন
শরণার্থীদের জন্যও আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যুক্তরাজ্য সরকারের অনুমোদিত নিরাপদ ও বৈধ পথে আসা শরণার্থীরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। অন্য পথে আশ্রয় পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণ অপেক্ষার সময় ২০ বছর। তবে তাঁরা কাজ বা পড়াশোনায় যুক্ত থাকলে এই সময় ১০ বছরে নামিয়ে আনার সুযোগ থাকবে।
অন্যদিকে, ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অথবা গোপন ও অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশকারীদের ক্ষেত্রে অতিরিক্ত ১০ বছর অপেক্ষার বিধান রাখা হয়েছে। ফলে কিছু ক্ষেত্রে স্থায়ী বসবাসের অনুমতি পেতে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
পরিবারের সদস্যদের জন্য কী হবে
যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসীদের পরিবারের সদস্যদের ক্ষেত্রেও নতুন নীতির প্রভাব পড়বে। একই সময়ে যুক্তরাজ্যে আসা স্বামী বা স্ত্রী সাধারণত মূল আবেদনকারীর সঙ্গে একই সময়ে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। তবে পরে যুক্তরাজ্যে যোগ দেওয়া পরিবারের সদস্যদের নিজস্ব বসবাসের সময়সীমা পূরণ করতে হবে।
সরকার জানিয়েছে, ব্রিটিশ নাগরিকদের পরিবারের যোগ্য সদস্য, হংকংয়ের ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ মর্যাদাধারী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য আগের কিছু সুবিধা বহাল থাকবে। যাঁরা ইতোমধ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন, তাঁদের সেই মর্যাদা নতুন নিয়মের কারণে বাতিল করা হবে না।
যুক্তরাজ্য সরকারের এই সিদ্ধান্তে দেশটিতে কর্মরত ও বসবাসরত লাখো অভিবাসীর স্থায়ী হওয়ার পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে সাধারণ বেতনভুক্ত কর্মীদের ক্ষেত্রে পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর অপেক্ষার বিধান নতুন করে হিসাব-নিকাশের পরিস্থিতি তৈরি করবে। তবে নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে এর বাস্তবায়ন পদ্ধতি ও সংশ্লিষ্ট ভিসাভিত্তিক শর্তগুলো আরও স্পষ্ট হওয়া গুরুত্বপূর্ণ।