উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি বছরের প্রথম আট মাসে ৫৮ হাজার ১৫৩টি অনিয়মিত অভিবাসন প্রচেষ্টা প্রতিহত করেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। একই সময়ে অভিবাসী পাচারের সঙ্গে জড়িত ১৪৮টি অপরাধী চক্র ভেঙে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ছাড়া স্বেচ্ছায় প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় ৪ হাজার ১৮৫ জন অভিবাসীকে নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ ৫৮ হাজার ১৫৩টি অনিয়মিত অভিবাসন প্রচেষ্টা ঠেকিয়েছে। একই সময়ে মানবপাচার ও অভিবাসী পাচারের সঙ্গে জড়িত ১৪৮টি অপরাধী চক্রের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে মরক্কো দীর্ঘদিন ধরে অভিবাসন চাপের মুখে রয়েছে। বিশেষ করে সাব-সাহারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের একটি বড় অংশ ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে মরক্কোকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে।
২০২৫ সালের পুরো বছরে ইউরোপীয় ইউনিয়নমুখী ৭৩ হাজার ৬৪০টি অনিয়মিত অভিবাসন প্রচেষ্টা প্রতিহত করেছিল মরক্কো। ২০২৪ সালে এ সংখ্যা ছিল প্রায় ৮০ হাজার। তবে ২০২৬ সালের পূর্ণাঙ্গ পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে ৪ হাজার ১৮৫ জন অভিবাসী স্বেচ্ছায় প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় নিজ দেশে ফেরার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ২ হাজার ১৪০ জনের প্রত্যাবর্তন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
সীমান্ত ব্যবস্থাপনায় বাড়ছে চাপ
মরক্কো কর্তৃপক্ষের মতে, বিভিন্ন দেশে সংঘাত, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির কারণে অভিবাসনের চাপ বাড়ছে। ফলে দেশটি এখন একই সঙ্গে অভিবাসীদের উৎস, ট্রানজিট এবং বসবাসের দেশে পরিণত হয়েছে।
বিশেষ করে স্পেনের ছিটমহল সেউটায় পৌঁছাতে অভিবাসীদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পথ অবলম্বনের প্রবণতা রয়েছে। কেউ সাঁতরে সমুদ্র পাড়ি দেন, আবার কেউ মরক্কো ও স্পেনের মধ্যবর্তী সীমান্তের নিরাপত্তাবেষ্টনী অতিক্রমের চেষ্টা করেন।
এসব প্রচেষ্টা ঠেকাতে সীমান্ত নজরদারি জোরদার করেছে মরক্কোর নিরাপত্তা বাহিনী। দেশটির দাবি, সাম্প্রতিক সময়ে মানবপাচারকারী চক্রগুলো তাদের কার্যক্রমের ধরন পরিবর্তন করেছে। এখন তারা সামাজিক যোগাযোগমাধ্যম, তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অ্যাপ এবং এনক্রিপ্ট করা গ্রুপ ব্যবহার করে অভিবাসীদের সংগঠিত করছে।
সমুদ্রপথেও আটক হচ্ছে অভিবাসীবাহী নৌকা
মরক্কো থেকে ইউরোপে যাওয়ার অন্যতম ঝুঁকিপূর্ণ পথ ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর। বিশেষ করে আটলান্টিক পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করেন বিপুলসংখ্যক অভিবাসী।
গত ১৫ অক্টোবর আটলান্টিক মহাসাগরে প্রায় ২০০ সাব-সাহারান আফ্রিকান অভিবাসীবাহী একটি নৌকা আটক করে মরক্কোর রাজকীয় নৌবাহিনী।
এর আগে ২৯ আগস্ট দেশটির কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তা ও ভিডিওতে দাখলা শহরের দক্ষিণ-পশ্চিমে ১৮৫ কিলোমিটার দূরে ২০১ জন অভিবাসীবাহী একটি নৌকা আটকের তথ্য জানায়।
সাধারণত গাম্বিয়া, সেনেগাল ও গিনি থেকে এসব নৌকা যাত্রা শুরু করে। পরে মরক্কোর উপকূল অতিক্রম করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যায়।
মরক্কোকে আর্থিক সহায়তা দিচ্ছে ইউরোপ
ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে মরক্কোকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে আসছে স্পেন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
২০১৯ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার সীমান্ত ব্যবস্থাপনা ও অভিবাসন নিয়ন্ত্রণে মরক্কোকে কয়েক কোটি ইউরো সহায়তা দিয়েছে। অন্যদিকে, ২০১৩ সাল থেকে ইউরোপীয় ইউনিয়ন দেশটিকে ৩৬০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ সহায়তা দিয়েছে। এর মধ্যে ২৩৪ মিলিয়ন ইউরো এসেছে আফ্রিকার জন্য ইউরোপীয় ইউনিয়নের জরুরি ট্রাস্ট ফান্ড থেকে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ইইউর একটি নথিতে এসব সহায়তার তথ্য উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, ইউরোপের অভিবাসন নিয়ন্ত্রণ কৌশলে মরক্কো এখন গুরুত্বপূর্ণ অংশীদার। তবে সীমান্তে নজরদারি ও অভিবাসন প্রতিরোধের পাশাপাশি অভিবাসীদের নিরাপত্তা, মানবাধিকার এবং নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করাও দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।