উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন আদালতের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করার লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়।
বুধবার (৪ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রস্তাবিত আইনটির বিভিন্ন ধারা পর্যালোচনা করা হয়। বিশেষ করে আইনটি যাতে সংবাদমাধ্যম, সাংবাদিক কিংবা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি বা হয়রানির হাতিয়ার হয়ে না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় উঠে আসে, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে আদালতের পূর্বানুমতির বিধান রাখার প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সংবাদমাধ্যমের মালিক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই ধরনের সুরক্ষার বিষয়টি আলোচনায় স্থান পায়।
সভায় মানহানি, হেয় প্রতিপন্ন করা এবং সাইবার বুলিংয়ের বিষয়গুলোকে একভাবে না দেখে পৃথকভাবে বিবেচনার প্রস্তাব দেওয়া হয়। এসব অপরাধের ধরন ও আইনি বৈশিষ্ট্য অনুযায়ী সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আইনে ব্যবহৃত ‘সাইবার স্পেস’ শব্দটির সংজ্ঞা আরও স্পষ্ট ও সুনির্দিষ্ট করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
মানহানির সংজ্ঞা ও এ-সংক্রান্ত শাস্তির বিধান প্রচলিত দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়টি সভায় গুরুত্ব পায়। অন্যদিকে গুজব ও অপতথ্য শনাক্ত এবং সংজ্ঞায়িত করার ক্ষেত্রে স্পষ্ট মানদণ্ড রাখার ওপর মত দেন অংশগ্রহণকারীরা। তাঁদের আলোচনায় উঠে আসে, অস্পষ্ট বা অতিব্যাপক সংজ্ঞা ব্যবহার করা হলে তা সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রস্তাবিত আইনে মোবাইল কোর্টের বিধান না রাখার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে তার কারণ জানানোর প্রস্তাব উঠে আসে। ব্লক করা কনটেন্ট পুনরায় চালু করার আবেদন জানানো হলে তা নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।
কোনো সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগে লিখিত নোটিশ দেওয়া এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখার প্রস্তাবও সভায় আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজের বক্তব্য ও প্রয়োজনীয় ব্যাখ্যা উপস্থাপনের সুযোগ পাবে—এমন আইনি প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। কাউন্সিলে গণমাধ্যমের প্রতিনিধিত্ব কীভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি আইনটির কার্যকারিতা ও আন্তর্জাতিক মান বিবেচনায় জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী এবং মেটার মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে সংশোধিত খসড়া আইনটি আরও পরিমার্জনের বিষয়ে আলোচনা হয়। পরিমার্জনের পর খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এর মাধ্যমে আইনটিকে আরও গ্রহণযোগ্য, কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্য তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি নাগরিকের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার মধ্যে ভারসাম্য বজায় রেখে আইন প্রণয়ন করতে হবে। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় কার্যকর আইনি কাঠামো প্রয়োজন হলেও সেই কাঠামো যেন নাগরিকের সাংবিধানিক অধিকার ও স্বাধীন সাংবাদিকতার পথে বাধা না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও সুপারিশ বিবেচনায় নিয়ে খসড়া আইনটি চূড়ান্ত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।
সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হয়। এ সময় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।