উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর সঙ্গে থাকা মানিব্যাগে পাওয়া চারিত্রিক সনদের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হৃদয় হোসেন টঙ্গিবাড়ী উপজেলার নগরজোয়ার গ্রামের প্রয়াত কামাল হোসেনের ছেলে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর বিয়ে হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয়ের চাচাতো ভাই পিয়াস শ্রীনগরের বালাশুর বৌবাজার এলাকায় বসবাস করেন। সেখানে হৃদয়ের নিয়মিত যাতায়াত ছিল। তিন-চার দিন আগে তিনি ওই এলাকায় বেড়াতে আসেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী তানহা আক্তার জানান, গত ২৬ অক্টোবর হৃদয় কাজের কথা বলে বাসা থেকে সিরাজদিখানের উদ্দেশে বের হন। তবে তিনি বালাশুরে তাঁর চাচাতো ভাই পিয়াস ও সিহাবের বাড়িতে যাবেন, সে বিষয়ে স্ত্রীকে কিছু জানাননি।
বুধবার সকালে স্থানীয়রা মনাই মৃধার পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের সঙ্গে থাকা মানিব্যাগে একটি চারিত্রিক সনদ পাওয়া যায়। ওই সনদের তথ্য যাচাই করে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, মানিব্যাগে পাওয়া চারিত্রিক সনদের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁর বাড়ি টঙ্গিবাড়ী উপজেলায় হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, হৃদয় সাঁতার জানতেন না। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।