উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে সদর থানার ১ নম্বর বাবুরাইল এলাকার মোবারকশাহ রোডে বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
এ সময় বাড়িটির একটি বসতঘর থেকে মোজাম্মেল হক রাজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ‘MADE IN USA’ লেখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার রাজন বাবুরাইল ঋষিবাড়ি সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তাঁর বাবার নাম মো. সিরাজ মিয়া।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।