উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শ্রমিক অসন্তোষকে পুঁজি করে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা—এমন দাবি করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।
শামীমা পারভীন বলেন, শ্রমিকদের আন্দোলনকে ঘিরে দুষ্কৃতিকারীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজনের সংখ্যাই বেশি। তাঁর দাবি, হেমায়েতপুরে শুরুতে তাঁরাই পোশাক কারখানায় হামলা চালান। এতে আতঙ্কিত হয়ে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আসেন। প্রকৃত শ্রমিকেরা ওই দিনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি।
পুলিশ সুপার আরও জানান, হেমায়েতপুর এলাকা থেকে একটি ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। তাঁর ভাষ্য, আটক ব্যক্তি ককটেল বিস্ফোরণ করেছিলেন। এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে।
এদিকে শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে দুই শতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই আশুলিয়া শিল্পাঞ্চলে উত্তেজনা চলছিল। বুধবার সেই উত্তেজনা সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকাতেও ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। নিরাপত্তার কারণে একের পর এক কারখানা ছুটি ঘোষণা করায় বিপাকে পড়েন শ্রমিক ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।