উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের আসন্ন সিনেমা ‘ধর্মন’-এ নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী শ্রীলীলা। বুধবার (৪ নভেম্বর) প্রযোজনা সংস্থা রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন রজনীকান্ত ও শ্রীলীলা। দুই তারকার বয়সের ব্যবধান প্রায় পাঁচ দশক।
অশ্বথ মারিমুথু পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করছেন নয়নতারা, সিমরন, রাশি খান্না ও যোগী বাবু। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর।
‘ধর্মন’-এর প্রচারচিত্র প্রকাশের পর রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমায় তাঁকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নির্মাতারা তাঁর চরিত্রের পরিচয় দিয়েছেন ‘কেট্টা পাইয়ান’ নামে, যার অর্থ ‘খারাপ ছেলে’। প্রচারচিত্রে তাঁর হাতে রক্তের দাগ দেখা যাওয়ায় চরিত্রটি ধূসর বৈশিষ্ট্যের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিনেমাটির তৃতীয় পর্যায়ের শুটিং গত সেপ্টেম্বরে শেষ হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের কাজ চলছে। মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ২০২৭ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
শ্রীলীলা চলতি বছর ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক করেন। এ ছাড়া ধনুষ ও মমুট্টির ‘ওম’ এবং অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি।