উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগ বস বাংলা’র ঘরে বন্ধুত্বের সমীকরণ কি বদলে যাচ্ছে প্রেমে? সৃজলা গুহ ও জিতু কমলকে ঘিরে বেশ কিছুদিন ধরেই দর্শকদের মধ্যে নানা জল্পনা চলছে। তাঁদের কথাবার্তা, মান-অভিমান ও পারস্পরিক আচরণ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। এবার সৃজলার একটি মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। অভিনেত্রীর মুখে শোনা গেছে, “দূরে চলে গেলে শান্তি পেয়ে যাবে। চাইনি ভালবেসে ফেল।”
বিগ বসের বাড়িতে জিতু ও সৃজলার মধ্যে এর আগেও একাধিকবার মতবিরোধ হয়েছে। কখনো জুতো রাখা নিয়ে, কখনো আবার নন্দিনীর একটি মন্তব্যকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। সম্প্রতি এমনই এক ঘটনার পর দুজনের মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে।
সৃজলা বিষয়টি মিটিয়ে নিতে চাইলেও জিতুর পাল্টা কথায় মন খারাপ হয় তাঁর। অভিমান করে ঘরে গিয়ে শুয়ে পড়েন অভিনেত্রী। পরে রণিতা দাসের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেন তিনি। সৃজলা জানান, ঠিক কী কারণে তাঁর এত খারাপ লাগছে, তা নিজেও বুঝতে পারছেন না। কারও সঙ্গে মনের সংযোগ তৈরি করতে পারছেন না, আবার অন্যের প্রত্যাশা পূরণ করতেও নিজেকে ব্যর্থ মনে হচ্ছে।
রণিতা তাঁকে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। তবে সৃজলা জানান, আর কোনো কিছু মেটানোর ইচ্ছা তাঁর নেই। এরই মধ্যে সেখানে আসেন জিতু। তাঁকে উঠে নিজের মতো থাকতে বলেন অভিনেতা। আগের কথোপকথনে ‘অ্যাবিউজ’ শব্দটি ব্যবহার করা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু জিতুর কথায় বিশেষ সাড়া দেননি সৃজলা।
একপর্যায়ে জিতু সেখান থেকে চলে গেলে নিজের মনে বলতে থাকেন সৃজলা, “দূরে চলে গেলে শান্তি পেয়ে যাবে। চাইনি ভালবেসে ফেল।” তাঁর এই মন্তব্যের পরই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দর্শকদের একাংশের প্রশ্ন, তাঁদের বন্ধুত্বের আড়ালে কি বিশেষ কোনো অনুভূতি তৈরি হয়েছে?
তবে জিতু ও সৃজলার কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো স্পষ্ট বক্তব্য দেননি। ফলে সৃজলার মন্তব্যটি ব্যক্তিগত অভিমান, নাকি অন্য কোনো অনুভূতির প্রকাশ—তা এখনো পরিষ্কার নয়।
উল্লেখ্য, নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদের পর জিতু কমলের সঙ্গে নতুন করে কারও নাম জড়ানোর খবর সামনে আসেনি। অন্যদিকে, ‘মন ফাগুন’ ধারাবাহিকের সময় থেকেই সৃজলা গুহ ও শন ব্যানার্জির ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা অনুরাগীদের জানা। তবে বিগ বসের বাড়িতে জিতু ও সৃজলার এই নতুন সমীকরণ তাঁদের ব্যক্তিগত সম্পর্কেও কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে কৌতূহল বাড়ছে।
গত ৩০ আগস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। এবারের প্রতিযোগীদের তালিকায় রয়েছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল ও দীপেন্দু বিশ্বাসসহ পরিচিত মুখেরা।
প্রতিযোগীদের বিদায় ও নতুন সদস্যদের প্রবেশে জমে উঠেছে এবারের আসর। অনিন্দ্য সেনগুপ্তের বিদায়ের পর ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেন রাজবীর দে ও জিতু কমল। পরে সৌরভ দাস ও রণিতা দাসও নতুন সদস্য হিসেবে বাড়িতে আসেন। এখন সৃজলা ও জিতুর সম্পর্কের সমীকরণ আগামী পর্বগুলোতে কোন দিকে এগোয়, সেটিই দেখার অপেক্ষা।