উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণের পর একটি ব্যাগ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে ব্যাগের ভেতরে প্রকৃতপক্ষে বোমা, ককটেল নাকি অন্য কোনো দাহ্য পদার্থ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা করে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিট।
সোমবার (৯ নভেম্বর) রাতে টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আশপাশে তল্লাশি চালানোর সময় একটি ব্যাগে সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। পরে সেটিকে বোমা সদৃশ বস্তু হিসেবে শনাক্ত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
ঘটনাস্থলে পৌঁছে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ব্যাগের ভেতরে থাকা বস্তু পরীক্ষা ও নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাগের ভেতরে কী ধরনের বস্তু রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে আশপাশে থাকা লোকজন দুজনকে আটক করেন। পরে তাঁদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, এর আগের দিন রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
পরপর দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও ক্যাম্পাসে আসা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সোমবারের ঘটনায় আটক দুই ব্যক্তি এবং উদ্ধার হওয়া সন্দেহজনক বস্তু সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতার বিষয়টি আরও স্পষ্ট হবে। একই সঙ্গে কারা এসব বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।