উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড় ও ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বৃষ্টি থামার পর হঠাৎ ঝুটপল্লির একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ দাহ্য ওয়েস্টেজ কাপড় মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দূর থেকেও দেখা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির সময় বজ্রপাতের পর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, জালকুড়ি ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নেভানোর কাজ করছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।