উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলার নিয়োগ বাতিলের খবরকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে এসব তথ্যের কোনো সত্যতা নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের নামে বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৮ নভেম্বরের তারিখ সংবলিত ওই নোটিশে দাবি করা হয়, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও সরকারি সার সরবরাহের স্বার্থে ২০২৬ সালে বিএডিসির আওতায় অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। একই সঙ্গে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ ও নিয়োগপত্র বাতিলের কথাও উল্লেখ করা হয়।
তবে কৃষি মন্ত্রণালয় ওই নোটিশের তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে। ফলে সার ডিলার নিয়োগ বাতিলের খবরের কোনো ভিত্তি নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।