উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বের হয়ে বিক্ষোভে যোগ দেন। পরে আশুলিয়ার চার থেকে পাঁচটি স্থানে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে এনভয় গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস লিমিটেড, সি.এস.এল. নিট কম্পোজিট, স্টারলিং অ্যাপারেলস, এএম ডিজাইন লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, নেক্সট কালেকশন, ভার্চুয়াল বটমস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, স্টারলিং স্টাইলস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, সিনসিন অ্যাপারেলস লিমিটেড, সাদ ফ্যাশন লিমিটেড ও রেজা ফ্যাশন লিমিটেডসহ ৪১টি কারখানা।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে মোতায়েন রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের গুলিতে হতাহতের যে দাবি ছড়িয়েছে, তা অস্বীকার করেন তিনি। এসপি বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ রাবার বুলেট কিংবা শর্টগান ব্যবহার করেনি।’
মজুরি বোর্ডে শ্রমিকদের ৩২ হাজার টাকার প্রস্তাব
এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা চলমান রয়েছে। গতকাল সোমবার মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা প্রস্তাব দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চেয়েছে।
বৈঠক শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন বলেন, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলমান থাকায় সব মালিকের কাছ থেকে প্রস্তাব সংগ্রহ করা সম্ভব হয়নি। এ কারণে তাঁরা এক সপ্তাহ সময় চেয়েছেন।
অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে বিভিন্ন যুক্তি ও তথ্য তুলে ধরেন।
শ্রমিক সংগঠনগুলোর দাবি ৩২ হাজার ১৩১ টাকা
এর আগে মজুরি বোর্ডের বৈঠক শুরুর আগে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। এ দাবিতে ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে মূল মজুরি মোট মজুরির ৬০ শতাংশ, বাড়িভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়। পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়।
এশিয়ার বিভিন্ন দেশের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো, বিশেষ করে কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের মজুরি পর্যালোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে।
শ্রমিক প্রতিনিধিদের মতে, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।
তাঁদের দাবি, মূল মজুরির অনুপাত কম হলে ওভারটাইমের পারিশ্রমিক ও চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। এ ছাড়া বাড়িভাড়া, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি এবং বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা জরুরি।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি, মালিকপক্ষের প্রস্তাব এবং মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষার মধ্যেই আশুলিয়ার শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটল।