উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি কাঠামো ও প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসরণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সর্বশেষ কী আলোচনা হয়েছে, জানতে চাইলে জয়সওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণসংক্রান্ত আবেদন সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় বিষয়। বিষয়টি সেই প্রক্রিয়া অনুসরণ করেই এগিয়ে নেওয়া হবে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সরকার ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে দেশে ফেরত চেয়ে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে। এ বিষয়ে ভারতের সরকারের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল আবারও বলেন, বিষয়টি আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হবে।
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বর্তমান অবস্থা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।
এ ছাড়া ভ্রমণ নথি বা পাসপোর্ট ছাড়া কাউকে নিজ দেশে প্রত্যর্পণ করা সম্ভব কি না, জানতে চান সাংবাদিকেরা। জয়সওয়াল বলেন, এটি একটি কারিগরি ও আইনি বিষয়। মানুষের আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয় বলেও উল্লেখ করেন তিনি। তবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আগের বক্তব্যের বাইরে নতুন কোনো অবস্থান জানাননি।
এদিনের ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়েও প্রশ্ন ওঠে। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে আগের সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছেন। আপাতত নতুন কোনো তথ্য তাঁর কাছে নেই।
নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। কোনো তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।
অন্যদিকে, ঢাকায় ধারণ করা কিছু ভিডিওকে দিল্লির দৃশ্য হিসেবে প্রচারের অভিযোগ নিয়েও সাংবাদিকেরা প্রশ্ন করেন। এ ধরনের ভিডিওর বিষয়ে চীনের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ বা আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে কি না, জানতে চাইলে জয়সওয়াল বলেন, গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন দেখেছে ভারত।
তিনি বলেন, কোনো দেশের বিষয়ে বিকৃত বা বিভ্রান্তিকর ছবি ও তথ্য উপস্থাপন করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপনের মাধ্যমে ভারতের রাজধানী সম্পর্কে ভুল ও নেতিবাচক ধারণা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন ভারতের এই মুখপাত্র।
চীনের সঙ্গে বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন বিষয়ে চীনের সঙ্গে ভারতের নিয়মিত আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় উদ্বেগের বিষয়গুলোও তুলে ধরা হয়।
তবে শেখ হাসিনার প্রত্যর্পণ, তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর কিংবা গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে মঙ্গলবারের ব্রিফিংয়ে নতুন কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা অগ্রগতির কথা জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।