উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিন পেলেও তাঁর ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ-সংক্রান্ত বিচারিক প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি আমিরাত ছাড়তে পারবেন না।
মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীনে গৃহীত এক প্রস্তাবের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের পূর্ববর্তী অধিবেশনে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, বেনজীর আহমেদের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সরাসরি জনস্বার্থের সঙ্গে সম্পৃক্ত। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানিয়েছে, আদালত থেকে জামিনে মুক্তি পেলেও তাঁর ওপর ভ্রমণনিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশটির বাইরে যেতে পারবেন না।
প্রত্যর্পণ প্রক্রিয়ার বিবরণ তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তদন্তকারী সংস্থার আবেদনের পর প্রয়োজনীয় তথ্য ও নথি যাচাই করে ইন্টারপোল গত বছরের ১১ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।
পরবর্তী সময়ে ২০২৬ সালের ১২ জুন ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি) আবুধাবি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। তাঁকে দেশে ফেরত আনার জন্য ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ জানানোর আহ্বান জানানো হয়। বাংলাদেশ সরকার চার দিনের মধ্যে প্রয়োজনীয় প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। পরে আমিরাত কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী অতিরিক্ত তথ্য-প্রমাণও সরবরাহ করা হয়।
দুবাইয়ের আদালতে বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামিন পাওয়া মানেই প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়া নয়। প্রত্যর্পণ স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা নয়; এটি সংশ্লিষ্ট দেশের বিচারিক ও সার্বভৌম আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। স্থানীয় আদালত ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ অপরাধের ধরন, গ্রেপ্তারি পরোয়ানা এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশ সময়মতো প্রয়োজনীয় নথি পাঠিয়েছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং নিয়মিত সমন্বয় বজায় রাখছে। তাই এ ঘটনাকে সরকারের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা হিসেবে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি সম্মান রেখে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক, আইনি ও পুলিশি পদক্ষেপ অব্যাহত রয়েছে।
এদিকে বেনজীর আহমেদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক মামলার বিষয়েও সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ওই মামলায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে থাকা অবৈধ সম্পদের সন্ধান, অবরুদ্ধকরণ ও বাজেয়াপ্তের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোতে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (এমএলএআর) পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র পাওয়া গেলে আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় এসব সম্পদ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করা হবে।