উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিন্দুধর্ম ত্যাগ করে একই পরিবারের চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা সম্পাদনের মাধ্যমে তাঁরা ধর্ম পরিবর্তন করেছেন বলে জানা গেছে।
ধর্মান্তরিত পরিবারের সদস্যরা হলেন—সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা চন্দ্র শেখর সাহা, তাঁর স্ত্রী মায়া রানী সাহা এবং তাঁদের দুই ছেলে প্রশান্ত চন্দ্র সাহা ও শুভ চন্দ্র সাহা। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁদের নাম রাখা হয়েছে যথাক্রমে মো. আব্দুর রহমান, মরিয়ম বেগম, মো. শাফায়াত আহমেদ ও সাখাওয়াত আহমেদ।
আব্দুর রহমানের ভাষ্য অনুযায়ী, প্রথমে তাঁর ছোট ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিষয়টি জানার পর পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তবে পরবর্তী সময়ে পরিবারের অন্য সদস্যরাও ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।
আব্দুর রহমান জানান, ধর্ম পরিবর্তনের পর স্থানীয় বাসিন্দারা তাঁদের সহযোগিতা করছেন। এলাকাবাসীর উদ্যোগে জীবিকা নির্বাহের জন্য তাঁকে একটি অটোরিকশা কিনে দেওয়া হয়েছে। বর্তমানে অটোরিকশা চালিয়ে তিনি পরিবারের ভরণপোষণ করছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, পরিবারটির জীবিকা নির্বাহের সুবিধার্থে এলাকাবাসী সম্মিলিতভাবে অটোরিকশা কেনার ব্যবস্থা করেছেন। পাশাপাশি তাঁদের নিয়মিত খোঁজখবরও রাখা হচ্ছে।