উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল চলতি বছরের ১ জানুয়ারি। দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানটির অবকাঠামো নির্মাণকাজ এখনো শুরু হয়নি। অথচ এর কয়েক মাস পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলা ঠাকুরগাঁও এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের জেলা নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় আনুষ্ঠানিক মঞ্জুরি দিয়েছে সরকার। আগে অনুমোদন পেয়েও মুন্সীগঞ্জের প্রকল্প পিছিয়ে থাকায় এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
মুন্সীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেই প্রত্যাশা পূরণে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মুন্সীগঞ্জে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেয়। পরদিন ১ জানুয়ারি ২০২৬ তারিখে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে।
কিন্তু অনুমোদনের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও কলেজটির অবকাঠামো নির্মাণের দৃশ্যমান অগ্রগতি নেই। কোথায় স্থাপিত হবে, কবে নির্মাণকাজ শুরু হবে, কীভাবে প্রকল্প বাস্তবায়িত হবে—এসব বিষয়েও এখনো স্পষ্টতা তৈরি হয়নি।
অন্যদিকে, মুন্সীগঞ্জের পর অনুমোদনের প্রক্রিয়ায় এগিয়ে এসেছে আরও দুটি জেলা। গত ১৩ মে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলা ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় আনুষ্ঠানিক সরকারি মঞ্জুরি দেয় সরকার। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৮ মে প্রকাশিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করা হয়।
এরপর ১৪ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের জেলা নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মঞ্জুরি দেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়।
অর্থাৎ মুন্সীগঞ্জে নীতিগত অনুমোদনের প্রায় সাড়ে চার মাস পর ঠাকুরগাঁও এবং সাড়ে পাঁচ মাস পর নরসিংদীতে আনুষ্ঠানিক সরকারি মঞ্জুরি দেওয়া হয়। অথচ আগে অনুমোদন পাওয়া মুন্সীগঞ্জ মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের কাজ এখনো দৃশ্যমান নয়।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, আগে নীতিগত অনুমোদন পাওয়া মুন্সীগঞ্জ মেডিকেল কলেজের পরবর্তী কার্যক্রম কেন এখনো এগোচ্ছে না? রাষ্ট্রপতি ও স্বাস্থ্যমন্ত্রীর নিজ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় সরকারি মঞ্জুরি দেওয়ার পর মুন্সীগঞ্জের প্রকল্পের স্থান নির্ধারণ ও অবকাঠামো নির্মাণের অগ্রগতি কোথায়—তা জানতে চান জেলার সচেতন মহল।
স্থান নির্ধারণ নিয়ে জটিলতা
মেডিকেল কলেজ স্থাপনের স্থান নির্ধারণও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ২০২৫ সালের আগস্টে একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভেতরের জায়গা পরিদর্শন করে। সেখানে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হয়।
তবে হাসপাতাল চত্বরেই কলেজটি স্থাপিত হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো স্থান উল্লেখ করা হয়নি। জায়গা পরিদর্শন, নির্ধারণ ও নকশা প্রণয়নের পরবর্তী কার্যক্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে সম্পন্ন হওয়ার কথা।
এদিকে মেডিকেল কলেজের অবস্থান নিয়ে স্থানীয় পর্যায়েও আলোচনা তৈরি হয়েছে। ১ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ সদর উপজেলার পরিবর্তে শ্রীনগর বা সিরাজদিখান এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি সামনে আনেন। অন্যদিকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনও এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
শিক্ষার্থী ভর্তি নিয়েও অনিশ্চয়তা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে মুন্সীগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দ্য ডেইলি ক্যাম্পাসের এক প্রতিবেদনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীনের বক্তব্য তুলে ধরে বলা হয়, মুন্সীগঞ্জে সম্পূর্ণ নতুন স্থানে ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এখনো অবকাঠামো নির্মাণ শুরু না হওয়ায় ওই শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়টি অনিশ্চিত।
মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হলে জেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। কিন্তু শুধু নীতিগত অনুমোদন দিয়ে প্রকল্পটি দীর্ঘদিন ফেলে রাখলে জেলার মানুষের প্রত্যাশা পূরণ হবে না।
ঠাকুরগাঁও ও নরসিংদীতে আনুষ্ঠানিক সরকারি মঞ্জুরি দেওয়ার পর মুন্সীগঞ্জের প্রকল্পের অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কাছে এখন মুন্সীগঞ্জবাসীর প্রত্যাশা—কবে নির্ধারণ হবে মেডিকেল কলেজের স্থান, কবে শুরু হবে নির্মাণকাজ এবং কোন শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হবে?
রাষ্ট্রপতি ও স্বাস্থ্যমন্ত্রীর নিজ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি হলেও আগে অনুমোদন পাওয়া মুন্সীগঞ্জের প্রকল্প কেন এখনো বাস্তবায়নের দৃশ্যমান পর্যায়ে পৌঁছায়নি—এ প্রশ্নের জবাব প্রত্যাশা করছেন জেলাবাসী।