উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারের ডিলারশিপ বণ্টনে দলীয়করণ, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। দলীয় নেতা ও সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনের নামে ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেছেন, জনপ্রতিনিধিরা নিজেরা ক্ষমতায় থেকে পরিবারের সদস্যদের ব্যবসায় যুক্ত করার সংস্কৃতি কবে বন্ধ হবে।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সংসদে বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বিভিন্ন জেলার সারের ডিলারশিপ বণ্টনের চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ে মোট ৩১টি ডিলারশিপের মধ্যে ২৮ জনই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের মধ্যে অন্তত ১০ জন বিভিন্ন রাজনৈতিক নেতার স্ত্রী, সন্তান কিংবা নিকটাত্মীয়।
এ ছাড়া সম্প্রতি নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এক সংসদ সদস্যের সন্তানকেও সারের ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে সংসদে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তাঁর অভিযোগ, কোনো কোনো এলাকায় অর্থের বিনিময়ে ডিও (চাহিদাপত্র) দেওয়া হয়েছে। ১৫টি ইউনিয়নের জন্য যেখানে ১৫টি ডিও দেওয়ার কথা, সেখানে ৩০টি পর্যন্ত ডিও বিতরণ করে ডিলার নিয়োগে অনিয়ম করা হয়েছে বলে তিনি দাবি করেন।
হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসায় যুক্ত থাকা ব্যক্তিদেরও মন্ত্রণালয় থেকে সুবিধা পাওয়ার সুযোগ রাখা হয়েছিল। সারের ডিলারশিপ বণ্টনের পুরো প্রক্রিয়াটি সুপরিকল্পিতভাবে অনিয়মের মাধ্যমে পরিচালিত হয়েছে কি না, সে বিষয়ে মন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি।
একই সঙ্গে ইতোমধ্যে দেওয়া বিতর্কিত ডিলারশিপগুলো বাতিল করে পুরো প্রক্রিয়া পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হবে কি না, সেই প্রশ্নও তোলেন সংসদ সদস্য।
বক্তব্যের শেষ পর্যায়ে জনপ্রতিনিধিদের ক্ষমতা ব্যবহার করে নিজেদের পরিবারের সদস্য ও আত্মীয়দের ব্যবসায়িক সুবিধা দেওয়ার প্রবণতার সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, একজন সংসদ সদস্য নিজে জনপ্রতিনিধি হবেন, আবার তাঁর স্ত্রী, ছেলে কিংবা ভাগ্নি ব্যবসায়ী হয়ে ডিলারশিপ পাবেন—এ ধরনের চর্চা বন্ধ হওয়া প্রয়োজন।
সারের মতো কৃষি উপকরণের ডিলারশিপ বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের ভিত্তিতে বিতর্কিত নিয়োগগুলো পুনর্বিবেচনার বিষয়টি সংসদে আলোচনায় আনেন তিনি।