উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রিসে আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে তিনটি চার্টার্ড ফ্লাইটের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা চলছে বলে জানিয়েছেন গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস।
২১ অক্টোবর গ্রিসের লেরোস দ্বীপের ক্লোজড কন্ট্রোলড অ্যাকসেস সেন্টার (সিসিএসি) পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। এ সময় মন্ত্রী আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত অভিবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিষয়ে গ্রিস সরকারের নতুন কঠোর নীতিমালা তুলে ধরেন।
গ্রিক সংবাদমাধ্যম লেরোস নিউজের প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী জানান, কিছু ক্ষেত্রে আশ্রয়ের আবেদন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের শুনানিসহ ৬৮ দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজের অধিকার হারান, তাঁদের আটক করা হয় এবং নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে থানোস প্লেভরিস বলেন, তিনটি চার্টার্ড ফ্লাইটের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা চলছে।
আটক ও জোরপূর্বক বহিষ্কারের বিকল্প হিসেবে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগও দেওয়া হচ্ছে। মন্ত্রী জানান, অভিবাসীদের আর্থিক সহায়তাসহ স্বেচ্ছায় প্রত্যাবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। যাঁরা এই সুযোগ গ্রহণ করবেন, তাঁরা আটক ও জোরপূর্বক বহিষ্কারের পরিবর্তে সহায়তা নিয়ে নিজ দেশে ফিরতে পারবেন।
সফরকালে মন্ত্রী লেরোস দ্বীপের অভিবাসী আশ্রয়কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন। কেন্দ্রটির পরিচালক ফিলিও কিপ্রিজোগলু তাঁকে নতুন অভিবাসীদের নিবন্ধন, পরিচয় যাচাই, নিয়ন্ত্রণ, তথাকথিত ‘হোয়াইট কার্ড’ প্রদান এবং গ্রিক পুলিশ ও ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের মাধ্যমে তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে জানান।
প্লেভরিস স্বীকার করেন, বর্তমানে কেন্দ্রটিতে ধারণক্ষমতার ওপর চাপ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত অভিবাসীর সংখ্যা কমানোর প্রতিশ্রুতি দেন তিনি।
কেন্দ্র থেকে অভিবাসীদের বাইরে যাওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাঁরা আটক রয়েছেন, তাঁরা গ্রিক পুলিশের সহযোগিতায় কঠোর নিয়ন্ত্রণে থাকবেন। অন্যদিকে যাঁদের বাইরে যাওয়ার অনুমতি রয়েছে, তাঁদের বের হওয়ার সময় এবং একসঙ্গে কতজন বাইরে যেতে পারবেন, তা নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
এদিকে লেরোস দ্বীপে অভিবাসন ব্যবস্থাপনার কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপের বিষয়টি স্বীকার করে মন্ত্রী জানান, দ্বীপটিতে প্রায় ২ কোটি ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও অর্থায়ন করা হবে। তাঁর ভাষ্য, এসব অর্থায়ন স্থানীয় জনগোষ্ঠীর ওপর অভিবাসন পরিস্থিতির প্রভাব বিবেচনায় নেওয়া হয়েছে।
এর আগে ২২ অক্টোবর নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে থানোস প্লেভরিস জানান, লেরোস দ্বীপে ১ কোটি ৮০ লাখ ইউরোর ক্ষতিপূরণমূলক সহায়তা দেওয়া হয়েছে। একই পোস্টে তিনি বলেন, যেসব অভিবাসীর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তাঁদের গ্রিসে বৈধভাবে বসবাসের কাগজ দেওয়া হবে না এবং বহিষ্কার না হওয়া পর্যন্ত আটক রাখা হবে।
তবে তিনটি চার্টার্ড ফ্লাইটের সম্ভাব্য যাত্রার তারিখ, যাত্রীসংখ্যা কিংবা বাংলাদেশিদের প্রত্যাবাসন কবে শুরু হবে, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
সূত্র: গ্রিক সংবাদমাধ্যম লেরোস নিউজ, ২১ অক্টোবর ২০২৬; গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের এক্স পোস্ট, ২২ অক্টোবর ২০২৬।