উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের তিনটি প্রতিষ্ঠানের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশু পরিচর্যার পরিবেশ উন্নয়নে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এ অর্থ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চেক হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুদানের মধ্যে এপিবিএন স্কুলের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে ২০ লাখ টাকা, এপিবিএন ডে-কেয়ার সেন্টারের অবকাঠামোগত উন্নয়নে ১০ লাখ টাকা এবং এপিবিএন মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কল্যাণের অঙ্গীকার থেকে এ সহায়তা দেওয়া হয়েছে। এর মাধ্যমে পুলিশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষা, চিকিৎসা ও শিশু পরিচর্যা কার্যক্রমের পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।