উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বন্ড সুবিধার অপব্যবহার করে শুল্ক ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল মিলে অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রায় ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে গত ৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে জেলার রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার উপজেলার ছয়টি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও অংশ নেন।
কাস্টমস সূত্রের তথ্য অনুযায়ী, বন্ড সুবিধার আওতায় রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো সুতা, কাপড় ও বিভিন্ন রাসায়নিক কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানি করতে পারে। এসব কাঁচামাল সংশ্লিষ্ট কারখানায় পণ্য উৎপাদনে ব্যবহারের নিয়ম রয়েছে। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমদানি করা কাঁচামাল উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রির অভিযোগ উঠেছে।
অভিযানকালে কারখানার গুদামে থাকা পণ্যের মজুতের সঙ্গে কাস্টমসের অনলাইন হিসাবের উল্লেখযোগ্য গরমিল পাওয়া যায় বলে জানানো হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন ও মজুতসংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
যে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে
১. সিম ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ: প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা।
২. জাহিন নিটওয়্যার্স লিমিটেড, বন্দর: প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।
৩. সানজানা ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জ: প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা।
৪. বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, আড়াইহাজার: প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা।
৫. জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, বন্দর: প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।
৬. মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রূপগঞ্জ: প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা নথিপত্র যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে প্রায় ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেলেও পূর্ণাঙ্গ তদন্ত শেষে এর পরিমাণ পরিবর্তিত হতে পারে।
বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক ফাঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।