উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
পলাশ আলীর বাড়ি তানোর উপজেলার প্রাণপুর গ্রামে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। সেখানে তার সঙ্গে কাজ করতেন ২৭ বছর বয়সী এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। পরে আদালত পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোর উপজেলা কমিটির বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। বিষয়টি জানার পর স্থানীয় দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, এনসিপির তানোর উপজেলা শাখার সেক্রেটারি মোরশেদ আলী দাবি করেন, পলাশ সংগঠনে যোগ দেওয়ার আগে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানে কর্মরত থাকার সময়কার কোনো বিরোধের জেরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে বলে তাদের ধারণা। তিনি মামলাটিকে মিথ্যা দাবি করে প্রতিবাদ জানানোর কথা বলেন।