উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা।
এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ, ডিজিটাল ফরেনসিক তদন্ত, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং এবং প্রশিক্ষণ কার্যক্রমে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকির আন্তঃদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।