উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার কেরাণীগঞ্জে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম ওমর ফারুক। তিনি উপজেলার আড়িয়ল এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নাজনিন আক্তার অভিযোগ করেছেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর পাশাপাশি তাঁর ফেসবুক ও জিমেইল অ্যাকাউন্টও নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ওই যুবক। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওমর ফারুক। তাঁর দাবি, তিনি কোনো ভিডিও ধারণ করেননি এবং ওই নারীর কাছে কোনো অর্থও দাবি করেননি।
আমার বিক্রমপুরের কাছে নাজনিন আক্তার জানান, ২০২৫ সালের নভেম্বর মাসে ফেসবুকের মাধ্যমে ওমর ফারুকের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে কেরাণীগঞ্জ ও ঢাকার বিভিন্ন রিসোর্টে তাঁরা একসঙ্গে সময় কাটান। ওই সময় তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাজনিনের দাবি, পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে অর্থ দাবি করা হয়। এ ছাড়া তাঁর ফেসবুক ও জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও অভিযুক্ত যুবকের কাছে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। একাধিকবার চেষ্টা করেও অ্যাকাউন্টগুলো ফেরত পাননি বলে জানান নাজনিন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে ওমর ফারুক বলেন, ওই নারীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে তিনি কোনো অন্তরঙ্গ ভিডিও ধারণ করেননি। ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবির অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি। একই সঙ্গে নাজনিনের ফেসবুক ও জিমেইল অ্যাকাউন্ট তাঁর কাছে নেই বলেও জানান।
সূত্র: আমার বিক্রমপুর