উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে এলাকা থেকে বিতাড়িত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের অনুসারী ফ্রান্সপ্রবাসী রহিম মোল্লার সমর্থকদের প্রায় ২১ দিন আগে জেলা পরিষদের প্রশাসকের মধ্যস্থতায় এলাকায় ফিরিয়ে আনা হয়। তবে তাঁদের প্রত্যাবর্তনের ২১ দিনের মাথায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে রহিম মোল্লা ও বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লার সমর্থকেরা। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও হামলা-পাল্টা হামলায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত ইউনিয়নের নোয়াদ্দা, চরডুমুরিয়া, কংসপুরা ও সামারচরসহ কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নোয়াদ্দা এলাকার বোরহান সিকদার (৪৮), দিদার ঢালী (৫০), সানি সরদার (২৫) ও দিদার সরদার (৫০)। তাঁরা সবাই রহিম মোল্লার সমর্থক। তাঁদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নে রহিম মোল্লা ও আওলাদ হোসেন মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রহিম মোল্লা গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের পক্ষে অবস্থান নেন। অন্যদিকে আওলাদ হোসেন মোল্লা বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন। নির্বাচনের পর নিরাপত্তাহীনতা ও আতঙ্কের কারণে রহিম মোল্লার সমর্থকেরা এলাকাছাড়া হন বলে স্থানীয় সূত্রের দাবি।
প্রায় ২১ দিন আগে মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের মধ্যস্থতায় রহিম মোল্লার সমর্থকেরা এলাকায় ফিরে আসেন। তবে তাঁদের প্রত্যাবর্তনের ২১ দিনের মাথায় আবারও সংঘর্ষে জড়াল বিবদমান দুই পক্ষ।
স্থানীয়দের ভাষ্য, মোল্লাকান্দি ইউনিয়নে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। আওয়ামী লীগ সরকারের সময়ও ইউনিয়নে দুটি পক্ষ সক্রিয় ছিল। তখন বিএনপির সমর্থকেরা ওই দুই পক্ষের হয়ে সংঘর্ষে জড়াতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ নতুন করে সামনে আসে। এরপর থেকে বিভিন্ন সময়ে সংঘর্ষ, গোলাগুলি ও মারামারির ঘটনা ঘটছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে আওলাদ হোসেন মোল্লার পক্ষের লোকজনের হামলায় নোয়াদ্দা এলাকার কয়েকজন গুলিবিদ্ধ হন বলে অভিযোগ করেছেন রহিম মোল্লার সমর্থকেরা। এর জেরে বৃহস্পতিবার সকালে রহিম মোল্লার লোকজন চরডুমুরিয়া বাজারে গিয়ে আওলাদপক্ষের সমর্থকদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ ওঠে। পরে কংসপুরা, চরডুমুরিয়া, সামারচর ও মোল্লাকান্দি গ্রামে হামলা-পাল্টা হামলা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ছড়িয়ে পড়ে। সকালে চরডুমুরিয়া বাজারে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফার সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
রহিম মোল্লার সমর্থক মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমান অভিযোগ করেন, বুধবার রাতে তাঁদের পক্ষের বোরহান সিকদারের বাড়ির পাশে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে তাঁরা নোয়াদ্দা শিকদারবাড়ির সেতুর সামনে গেলে সেখানে বোরহানসহ কয়েকজন অবস্থান করছিলেন। এ সময় পেছন থেকে আওলাদপক্ষের রিফাত হালদার গুলি করেন বলে তাঁর দাবি। এতে চারজন গুলিবিদ্ধ হন। পরে ভোরে তাঁদের লোকজনের অবস্থান লক্ষ্য করে আবারও গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। নিজেদের নিরাপত্তার স্বার্থে তাঁরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বলেও দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওলাদ হোসেন মোল্লার পক্ষের মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, সংসদ নির্বাচনের পর থেকে রহিম মোল্লার লোকজন ইউনিয়নের বাইরে ছিলেন। ২১ দিন আগে তাঁরা এলাকায় ফিরে আসেন। এরপর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁদের লোকজনকে দেখলেই হুমকি-ধমকি ও মারধর করা হচ্ছিল। বুধবার রাতেও তাঁদের একজনকে মারধর করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁদের ওপর হামলা হলে তাঁদের লোকজনও পাল্টা হামলা চালান বলে দাবি করেন তিনি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফাহমিদা লস্কর জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চারজন এবং বৃহস্পতিবার সকাল সাতটার দিকে একজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। তাঁদের চোখ ও শরীরের বিভিন্ন স্থানে পিলেট বা ছোট আকৃতির গুলি লেগেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন বৃহস্পতিবার সকালে জানান, পরবর্তী সংঘর্ষ এড়াতে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।