উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টা ৪ মিনিটে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন রাফি (২০), তাঁর বাবা মনজুরুল আলম বাবু এবং জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯), তাঁর বাবা জাহাঙ্গীর আলম। তাঁদের দুজনেরই ঠিকানা ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার ১২৫/১ নম্বর বাসা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, শুক্রবার রাত ৩টা ৪ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় একটি অজ্ঞাতনামা গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধারকর্মীরা নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত দুজন ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে ওই দুজনই আরোহী ছিলেন। তবে তাঁদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া গাড়িটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। সংস্থাটির পক্ষ থেকে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম চালক ও যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।