উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
ছড়িয়ে পড়া ৪৯ সেকেন্ডের ভিডিওটি গত ২২ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সেখানে একটি পারিবারিক অনুষ্ঠানে খাবার খাচ্ছিলেন যুবদল নেতা সজল। এ সময় তাঁর ভায়রা আক্তার নূর স্মার্টফোনে অনুষ্ঠানের দৃশ্য ভিডিও কলে দেখাচ্ছিলেন। একপর্যায়ে ফোনের ক্যামেরা সজলের দিকে ঘোরানো হলে ভিডিও কলের অপর প্রান্তে আজমেরী ওসমানকে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মনিরুল ইসলাম সজল। তাঁর দাবি, এটি ছিল সম্পূর্ণ পারিবারিক অনুষ্ঠান। গত ২২ অক্টোবর তাঁর স্ত্রীর বড় বোনের ছেলের বিয়ের কাবিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি অংশ নিয়েছিলেন।
সজল জানান, আক্তার নূর তাঁর স্ত্রীর বড় বোনের স্বামী। রাজনৈতিকভাবে আক্তার নূরের সঙ্গে আজমেরী ওসমানের সম্পৃক্ততা ছিল বলে তিনি জানেন। তবে পারিবারিক সম্পর্কের বাইরে আক্তার নূরের সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।
ভিডিও কলের প্রসঙ্গে সজল বলেন, আক্তার নূর তাঁর ছেলের বিয়ের আয়োজন ভিডিও কলের মাধ্যমে আজমেরী ওসমানকে দেখাচ্ছিলেন। ওই সময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে খাবার খাচ্ছিলেন। আক্তার নূর অতিথিদের ভিডিও ধারণের পাশাপাশি মুঠোফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। তবে ভিডিও কলে তখন কার সঙ্গে কথা বলা হচ্ছিল, তা তিনি জানতেন না বলে দাবি করেন সজল।
এদিকে গত ১ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে আক্তার নূরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে তাঁকে আটক করা হয়। আক্তার নূর প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
আজমেরী ওসমানের বিরুদ্ধে শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাসহ একাধিক হত্যা মামলায় অভিযোগ রয়েছে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজমেরী ওসমান ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই আত্মগোপনে চলে যান। এর মধ্যে সজলকে ঘিরে ছড়িয়ে পড়া ভিডিওটি নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।