উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে স্বর্ণখনি কার্যক্রমে নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক রয়েছেন। তবে তাঁদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির সরকারের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
গিনির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয় জানায়, বুধবার (১১ নভেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সিগুইরি অঞ্চলের বালাতো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে অবৈধ ও অনিয়ন্ত্রিত স্বর্ণখনি কার্যক্রম বন্ধে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এ সময় বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড তৈরি করে নিরাপত্তা বাহিনীর টহল আটকে দেন। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষ ও গোলাগুলিতে রূপ নেয়।
তবে প্রথমে কারা গুলি চালিয়েছিল, সে বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতিতে কিছু জানানো হয়নি। আহতদের মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘর্ষের সময় দুটি পিকআপ ও নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া বিক্ষোভকারীরা একটি আগ্নেয়াস্ত্র ও একটি মোটরসাইকেল নিয়ে যান। ঘটনার কারণ এবং দায়ীদের শনাক্ত করতে বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর পরিবেশের ক্ষতির কারণ দেখিয়ে সিগুইরি অঞ্চলে ক্ষুদ্র পরিসরে স্বর্ণ উত্তোলন নিষিদ্ধ করে গিনি সরকার। কর্তৃপক্ষের অভিযোগ, খনি কার্যক্রমে নিয়মনীতি না মানার কারণে কৃষিজমি, নদী ও উদ্ভিদসম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। ভারী যন্ত্রপাতি ব্যবহারে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং রাসায়নিক পদার্থের কারণে নদীর পানি দূষিত হচ্ছে।
নিষেধাজ্ঞার পর গিনি থেকে বিপুলসংখ্যক খনি শ্রমিক ও বিদেশি নাগরিক পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যেতে বাধ্য হন। প্রতিবেশী দেশ মালির সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞার পর গিনি থেকে প্রায় এক লাখ মানুষ দেশটির রাজধানী বামাকোতে এবং আরও প্রায় ৬০ হাজার মানুষ সীমান্তবর্তী কৌরেমালে শহরে পৌঁছেছেন।
অন্যদিকে, বুরকিনা ফাসো জানিয়েছে, গিনি থেকে ফিরে আসতে বাধ্য হওয়া তাদের ৪৫ হাজার ৪০৬ নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির তথ্য অনুযায়ী, গিনিতে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের স্বর্ণখনি কার্যক্রমের সঙ্গে তিন লাখের বেশি মানুষের জীবিকা জড়িত। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে স্বর্ণসহ বিভিন্ন ধাতুর চাহিদা ও দাম বাড়ায় এ ধরনের খনি কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে।
এদিকে, চলতি মাসের শুরুতে সিগুইরি অঞ্চলে অবৈধ স্বর্ণখনির সঙ্গে জড়িত সন্দেহে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে তাঁদের বিরুদ্ধে প্রথম দফায় গণবিচারও শুরু হয়েছে।