উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদীর তীরবর্তী মোল্লারচর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে আটক ৩৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে ৩৩ জনই কিশোর, যাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। বাকি চারজনের বয়স ১৮ থেকে ১৯ বছর। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পুলিশ তাঁদের আদালতে হাজির করে। এ সময় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আটক কিশোরদের মুন্সীগঞ্জের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক চারজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আইরীন আক্তারের আদালতে তোলা হয়। তাঁদের জামিন শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ধলেশ্বরী নদীর তীরবর্তী মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি ট্রলারে করে কয়েকজন মোল্লারচর এলাকায় আসেন। এ সময় তাঁদের কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও সেখানে উপস্থিত হন। পরে খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।
শুক্রবার রাতে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিদের উদ্দেশ্য ছিল ধলেশ্বরী নদীতে অবস্থানরত একটি লাইটার জাহাজে উঠে কর্মসূচি পালন করা। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে পুলিশ আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
এদিকে আটক ব্যক্তিদের কয়েকজনের স্বজনদের দাবি, তাঁদের সন্তানদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা নেই। ছুটির দিনে ঘুরতে বের হয়ে তাঁরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন। আটকের খবর ছড়িয়ে পড়ার পর সন্তানদের ছাড়িয়ে নিতে মুন্সীগঞ্জ সদর থানার সামনে স্বজনদের ভিড় ও আহাজারি করতে দেখা যায়।
মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুল ইসলাম মিঞা শুনানি শেষে আটক ব্যক্তিদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।