উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৈনিক যুগান্তরের সাংবাদিক ও ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রধানের বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে মাসুমসহ ১০ থেকে ১২ জনের একটি দলের বিরুদ্ধে। এ সময় তাঁকে বাড়ি থেকে বেরিয়ে আসতে ডাকাডাকি এবং যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
পরপর দুই দিনের এসব ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আল আমিন প্রধান।
আল আমিন প্রধান জানান, শুক্রবার রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলাস্থ মাজারের ভেতরে তাঁর কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশ চলছিল। এ সময় মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ৫ থেকে ৭ জন সেখানে উপস্থিত হন। তাঁরা স্থানীয় এক বিএনপি নেতার নাম ব্যবহার করে সালিশে উপস্থিত এক যুবককে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এতে তিনি বাধা দিলে তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করা হয়। পরে উপস্থিত লোকজন তাঁকে সহযোগিতা করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে সরে যান।
আল আমিন প্রধানের অভিযোগ, ওই ঘটনার জেরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাসুমসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় তৈরি ধারালো রামদা ও চাপাতি নিয়ে তাঁর বাড়ির নিচে অবস্থান নেয়। তখন তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয় কয়েকজন মুঠোফোনে তাঁকে বিষয়টি জানান।
কিছুক্ষণ সেখানে অবস্থান করে অভিযুক্তরা তাঁর নাম ধরে ডাকাডাকি করেন এবং বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে চলে যান তাঁরা।
পরে তিনি ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে বিষয়টি জানান এবং নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে জিডি করেন। তাঁর ভাষ্য, অভিযোগ পাওয়ার পর ওসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে একজন সাংবাদিককে পরপর দুই দিন হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের কোনো সাংবাদিকের ওপর সামান্যতম আঘাত এলেও সাংবাদিক সমাজ তা মেনে নেবে না। অভিযুক্ত ব্যক্তি যে দলেরই হোক কিংবা যে পরিচয়েরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় জেলার সাংবাদিকদের নিয়ে প্রশাসন ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম বলেন, আল আমিন প্রধান দীর্ঘদিন ধরে পেশাদারত্ব বজায় রেখে সাংবাদিকতা করছেন। তাঁর সঙ্গে পরপর দুটি ঘটনার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তাঁরা।